সৌদি বাদশাহ আব্দুল্লাহ আর নেই
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুক্রবার ভোরে সরকারি এক ঘোষণায় জানানো হয়েছে।
তার ভাই সালমান (৭৯) নতুন বাদশাহ হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে সরকারি ওই বিবৃতিতে বলা হয়।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন বাদশাহ আব্দুল্লাহ। তার বয়স ৯০ বছর হয়েছিল বলে বলা হয়ে থাকে। বাদশাহ হাসপাতালে থাকায় যুবরাজ সালমান এরইমধ্যে সৌদি অধিপতির দায়িত্ব পালন করছিলেন।
সৎ ভাই বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালে সিংহাসনে আরোহণ করেন আব্দুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
প্রয়াত বাদশাহর সৎ ভাই ষাটোর্ধ্ব মুকরিনকে সৌদি আরবের নতুন যুবরাজ ঘোষণা করা হয়েছে।
তারা চারজনই আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুলআজিজ ইবনে সউদের ছেলে। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত শাসন করেন প্রতিষ্ঠাতা ইবনে সউদ।
তার মৃত্যুর পর থেকে তার ছেলেরাই ক্রমানুযায়ী উত্তরাধিকারসূত্রে সৌদি আরবের ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন।
সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩১ ডিসেম্বর বাদশাহ আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে ঠিক রাত ১টায় তার মৃত্যু হয় বলে বিবৃতিতে বলা হয়।
বাদশাহর মৃত্যুর ঘোষণা প্রচারের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে কোরআনের আয়াত তেলাওয়াত সম্প্রচার।
আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহনের পর অন্তত এক দশক সৌদি আরব শাসন করেছেন বাদশাহ আব্দুল্লাহ। তার ভাই বাদশাহ ফাহদ স্ট্রোকে দেশ পরিচালনার সক্ষমতা হারিয়েছিলেন।
কঠোর রক্ষণশীল রাজতন্ত্রের দেশ সৌদি আরবে ধীর গতিতে সংস্কার শুরু করেছিলেন আব্দুল্লাহ। তার সময়েই সংবাদমাধ্যমে সরকারের ‘মৃদু সমালোচনা’ হয় এবং নারীর অধিকারের বিষয়টিও উঠে আসে।
নতুন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ এর আগে প্রতিরক্ষামন্ত্রী ও প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্বও পালন করছিলেন তিনি।
