সৌদি আরবের নতুন বাদশাহ
বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের শাসন ক্ষমতায় এলেন তার সৎ ভাই সালমান বিন আব্দুলআজিজ, যিনি পশ্চিমা মিত্রদের কাছে পরিচিত ‘তুলনামূলকভাবে উদারপন্থি’ হিসাবে।
আধুনিক সৌদি আরবের রূপকার বাদশা আব্দুলআজিজ ইবনে সউদের ছেলেদের মধ্যে সালমানই আরব এই দেশটিতে প্রথম তেলের খনি মেলার আগে জন্ম নেওয়া শেষ প্রিন্স।
৭৯ বছর বয়সী সালমান যখন আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের শাসনভার নিতে যাচ্ছেন, তখন ইরাক ও সিরিয়ায় চলছে যুদ্ধাবস্থা, ইয়েমেনে হুমকি দিচ্ছে আল কায়েদা; আর ইরানের শিয়া নেতৃত্বের সঙ্গে পুরনো বৈরিতা তো রয়েছেই।
বাদশা আব্দুল্লাহর স্বাস্থ্যের অবনতি ঘটনায় বেশ কিছুদিন ধরে যুবরাজ সালমানই সৌদি বাদশাহীর দেখভাল করছিলেন। তাকে নতুন বাদশাহ ঘোষণার সঙ্গে সঙ্গে আব্দুলআজিজের সর্বকনিষ্ঠ সন্তান মুকরিনকে যুবরাজ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, যিনি এতোদিন উপ যুবরাজের দায়িত্বে ছিলেন।
আব্দুল্লাহর অধীনে সৌদি আরব অর্থনৈতিক ও সামাজিক যে সংস্কারের সড়কে উঠেছিল, তার নতুন গন্তব্য ঠিক করার দায়িত্ব এখন বাদশাহ সালমানের হাতে। তাকে রক্ষণশীল ধর্মীয় নেতাদের দাবি যেমন মেটাতে হবে, তেমনি শক্তিশালী সৌদি গোত্রগুলোকেও সামলাতে হবে। সেই সঙ্গে জানতে হবে ক্রমশ বড় হতে থাকা তরুণ জনগোষ্ঠীর মনের কথাও।
২০০১-০৩ সময়ে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূত হিসাবে দায়িত্ব পালন করা রবার্ট জর্ডান বলেন, “রক্ষণশীল ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি সৌদি সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই ভারসাম্য রক্ষার কৌশল তিনি ভালই জানেন বলে মনে হয়েছে।”
তবে উইকিলিকসে ফাঁস হওয়া ২০০৭ সালের একটি মার্কিন কূটনৈতিক কেবলে বলা হয়, সৌদি আরবের রক্ষণশীল সমাজ গণতন্ত্র চর্চার জন্য উপযুক্ত নয় বলেই সালমান বিশ্বাস করেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পক্ষে।
দীর্ঘ ৫০ বছর রিয়াদের গভর্নর হিসাবে দায়িত্ব পালনের সুবাদে সনাতনপন্থি, রক্ষণশীল ও উদারপন্থি- সব পক্ষের সঙ্গেই কাজ করতে হয়েছে সালমানকে। ছোট এক মরু শহর থেকে রিয়াদকে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি মেট্রোপলিটনে রূপান্তারের প্রক্রিয়াও তার নেতৃত্বেই এগিয়েছে।
একই বছরে আপন দুই ভাই যুবরাজ সুলতান ও নায়েফের মৃত্যুর পর সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান সালমান। পরে তাকেই যুবরাজ ঘোষণা করা হয়।
সৌদি বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ই পায়, যা ব্যয় হয় মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার পেছনে।
দেশটির সবচেয়ে বড় মিডিয়া গ্রুপের নিয়ন্ত্রণও বাদশাহ সালমানের হাতেই রয়েছে।
সৌদি রাজ পরিবারের যে প্রভাবশালী অংশটি রক্ষণশীল ইসলামী ধর্মীয় নেতাদের সঙ্গে সদ্ভাব রেখে দীর্ঘদিন ধরে দেশ শাসন করে আসছে, সালমান সেই অংশেরই প্রতিনিধি।
ইসলামের দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার হেফাজতকারী সৌদি রাজ পরিবারের সদস্য হিসাবে তিনি একই সঙ্গে ধার্মিক এবং তুলনামূলকভাবে বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী বলে পশ্চিমা কূটনীতিকদের মূল্যায়ন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট জর্ডানের দেখায়, সালমান একজন “বুদ্ধিমান, কৌশলী রাজনীতিবিদ। রক্ষণশীলদের সঙ্গে থাকলেও মানসিকতায় তিনি অনেকটাই আধুনিক।
১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত রিয়াদের গভর্নরের দায়িত্ব পালনের সময় বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগের অনেক দায়িত্বই সালমানকে পালন করতে হয়েছে, যতোটা রাজ পরিবারের অনেক জ্যেষ্ঠ সদস্যকেও করতে হয়নি।
একই সঙ্গে রাজ পরিবারের ভেতরের অনেক দ্বন্দ্বও সামলাতে হয়েছে সালমানকে, যা তাকে পৌঁছে দিয়েছে রাজ্যের একেবারে ক্ষমতা কেন্দ্রে।
জর্ডান বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর প্রাথমিকভাবে সালমান বিশ্বাস করতে চাননি যে ওই ঘটনায় সৌদি নাগরিকরা জড়িত। তবে ১৯ জন বিমান ছিনতাইকারীর ১৫ জনের সৌদি নাগরিকত্বের তথ্য-প্রমাণ পাওয়ার পর তার মনোভাব পরিবর্তন হয়।
বলা হয়, বাদশা আব্দুলআজিজ ইবনে সউদের ছেলেদের মধ্যে সালমানের চেহারাতেই বাবার সঙ্গে মিল সবচেয়ে বেশি। আব্দুলআজিজের প্রিয় পত্নী প্রিন্সেস হাসা বিনতে আহমেদ আল সুদাইরির সাত ছেলের মধ্যে সালমান বরাবরই সৌদি রাজ পরিবারে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব।
১৯৩৬ সালে তিনি যখন রিয়াদের এক মরুদ্যানে ইটের ঘরে জন্ম নেন, তখনো সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎস হজযাত্রীদের দেওয়া কর, খেঁজুর চাষ ও উট পালন।
প্রিন্স সালমান লেখাপড়া করেছেন ইবনে সৌদের প্রসাদে প্রিন্সদের স্কুলে, যেখানে শিক্ষক হিসাবে ছিলেন খোদ মক্কার ইমাম।
সেই সালমানের সন্তান সুলতানই হলেন আরবের প্রথম নভোচারী, যিনি ১৯৮৫ সালে মার্কিন শাটল ডিসকভারিতে করে মহাকাশ ঘুরে এসেছেন।
প্রিন্স সুলতান বিন সালমান এখন সৌদি আরবের পর্যটন মন্ত্রী। তার ভাই প্রিন্স আবদুলআজিজ দেশের তেল উপমন্ত্রী এবং প্রিন্স ফয়সাল মদিনার গভর্নর।
