অবরোধের আগুনে পুড়ল এক বাসের ৯ যাত্রী
অবরোধের মধ্যে নাশকতার শিকার হয়ে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন দুই শিশুসহ নয়জন।
ঢাকার মোহাম্মদপুর বেড়ি বাঁধে ঢাকা উদ্যানের কাছে জাকির ডেইরি ফার্মের সামনে ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হলে তারা দগ্ধ হন, এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মৎস্য ভবনের কাছে পুলিশের গাড়িতে পেট্রোলবোমা হামলার কিছু সময়ের মধ্যেই সাড়ে ৯টার দিকে বেড়ি বাঁধে ঢাকা উদ্যানের কাছে আগুন দেওয়া হয় এই বাসটিতে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার থেকে আসা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন দুটি পরিবারের সদস্য। তারা হলেন- আবু তাহের (৭৫), তার দুই ছেলে সুজন (২২) ও আবু বক্কর (২০) এবং নুরজাহান বেগম (৩৫) ও তার মেয়ে ঋতু (১৪)।
আহত অন্য তিনজন হলেন- বিল্লাল (২৫), আরমান (৩৫), মনোয়ারা (৩০) ও রিফাত (২)।
পোড়ার পরিমাণ কম হলেও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় আবু তাহের এবং বিল্লালের অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিসিৎক পার্থ শংকর পাল সাংবাকিদের জানান।
আবু তাহেরের ছেলে আহত সুজন বলেন, তার বাবার চিকিৎসার জন্য পাবনা থেকে বাসে এসে গাবতলীতে নামেন তার। এরপর কামরাঙ্গীরচর যেতে ব্রাদার্স পরিবহনের ওই বাসে ওঠেন।
অবরোধের দ্বাদশ দিনে ঢাকার রায়েরবাগে পোড়ানো হয় একটি বাস, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দগ্ধ হন।
অগ্নিদগ্ধ সুলতানা ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। তাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় ক্লাস থাকায় নারায়ণগঞ্জ থেকে ‘স্বদেশী পরিবহনের’ একটি বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি।
“বাসটি রায়েরবাগে পৌঁছালে একদল লোক তাতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত নামার আগেই আমি ও বাসের আরও ৪-৫ জন দগ্ধ হই।”
অবরোধের মধ্যে গত ১২ দিনে বাসে অগ্নিসংযোগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে একটি বাসের পাঁচ যাত্রী পুড়ে মারা যান গত ১৪ জানুয়ারি।
শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে আরও অন্তত চারটি বাস পোড়ানো হয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। বিকালে এবং সন্ধ্যায় মিরপুর টেকনিক্যাল মোড়ে রবরব পরিবহন এবং জনসেবা পরিবহনের দুটি বাস জ্বালিয়ে দেওয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ৩ নম্বর সড়কের মাথায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পেছনের সিটে বসা যাত্রীবেশীরাই এই আগুন দিয়েছে বলে ধারণা বাসচালকের।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে মগবাজারে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমের সংবাদকর্মীদের পরিবহনের জন্য ব্যবহৃত একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়।
ওই সময় অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না। আগুনে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
