২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মধ্যরাতে বাসে আগুনে হেলপারের মৃত্যু

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে মধ্যরাতে গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনে পুড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 08:24 AM

Updated : 22 Aug 2022, 02:56 PM

গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনায় নিহত তোফাজ্জল হোসেন (১৭) সুনামগঞ্জ সদর থানার নারায়ণতলা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতো দিনভর বাস চালানো শেষে রাতে চালক সেলিম মিয়া তার বাসার পাশে মহাসড়কে বাসটি থামিয়ে রেখে যান। তার সহকারী তোফাজ্জল  দরজা আটকে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন।

রাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী বাসটি জ্বলতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভানোর পর বাসের দরজার কাছে তোফাজ্জলের লাশ দেখতে পান।

“ধারণা করা হচ্ছে আগুন লাগার পর তোফাজ্জল বাস থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাসের ভেতরটা ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়ায় দরজা খুলতে না পেরে সেখানেই পুড়ে মারা গেছেন তিনি,” বলেন ওসি রফিকুল।

চালক মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সেলিম মিয়া জানান, ছয় বা সাত বছর বয়স থেকে তোফাজ্জল তার সঙ্গে কাজ করতেন। মহিষবাথান এলাকার বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি। রাত আড়াইটার দিকে বটতলা এলাকায় বাসটি পার্কিং করে বাসায় চলে যান।

বাসের মালিক খন্দকার মফিজুর রহমান কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

আগের দিন একটি সমাবেশে হরতাল ও নাশকতাবিরোধী বক্তব্য দেওয়ার জেরে তার বাসে আগুন দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।

বাসটি বিভিন্ন কারখানায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর প্রায় প্রতিদিনই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

আগের রাতে রংপুরের মিঠাপুকুরে কুড়িগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো বেশ কয়েকজন।

অবরোধের ডাক দেওয়ার পরদিন মধ্যরাতে যশোরেও বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তের আগুনে এক হেলপার দগ্ধ হন। এর পাঁচ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে বিএনপির ডাকে দিনব্যাপী হরতাল শুরু হয়েছে।

অবরোধের মধ্যে রাজধানীতে অনেকটা স্বাভাবিক সময়ের মতো যানবাহন চললেও হরতালের সকালে ঢাকার রাস্তায় তুলনামূলক কম গাড়ি বেরোতে দেখা গেছে। 

</div>  </p>