২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার আগুনে ভস্মীভূত রহিম বাদশার স্বপ্ন

বিশ্ব ইজতেমায় বাদাম, বাশেঁর তৈরি ডালি ও কুলা বিক্রি করে বাড়তি পয়সা আয় করার আশায় বৃদ্ধা মা রহিমা বেওয়াকে (৬৫) নিয়ে ঢাকা যাচ্ছিলেন রহিম বাদশা (৪৫)।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

অবরোধের আগুনে পথেই এ খেটে খাওয়া পরিবারের সব স্বপ্নের সমাপ্তি হলো।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে রংপুরের মিঠাপুকুরে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে যাওয়া 'খলিল স্পেশাল' বাসের অন্য যাত্রীদের সঙ্গে তাদের জীবনাবসান হয়।

বুধবার রাতে তাদের লাশ কুড়িগ্রামের উলিপুরের বিজয়রাম তবকপুর গ্রামে পৌঁছে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে দড়িচর পাঁচপাড়ায় কবরস্থানে তাদের দাফন করা হয়।

বাদাম বিক্রেতা রহিম বাদশার দুই ছেলের মধ্যে বড় ছেলে লিটন ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় এ চাকুরি করেন। ছোট ছেলে লিমন দাঁড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। একমাত্র মেয়ে রুমি তবকপুর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

বৃহস্পতিবার সরেজমিনে রহিম বাদশার বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত মানুষ সেখানে ভীড় করছে সেখানে। ছোট ছেলে লিমন ও মেয়ে রুমি বাবা ও দাদির মৃত্যুতে বার বার মুর্ছা যাচ্ছে। তাদেরকে সান্তনা দেওয়ার যেন কোনো ভাষা নেই কারও।

রুমি হাউ-মাউ করে কেঁদে বলে, “এখন আমাদের কী হবে? খাব কী? থাকব কোথায়? কে আমাদের দেখবে?”

এ সময় রহিম বাদশার স্ত্রী নিলুফা বিলাপ করে স্বামী, শ্বাশুড়ি হত্যার বিচার দাবি করেন।

তার এক প্রতিবেশী জানান, রহিম বাদশা অনেক কষ্ট করে মাথা গোঁজার ঠাঁই বানানোর জন্য ২ শতাংশ জমি কেনেন। এখনও কিছু টাকা পরিশোধ করা বাকি আছে। ঢাকা থেকে এসে তা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সবকিছুই যেন এলোমোলো হয়ে গেল।

পুরনো খবর:

বাসে আগুনে দগ্ধ ৩ জন সনাক্ত, মামলায় আসামি ১২০