হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর শেষ উইল জ্যাকসের
শেষ চার টি-টোয়েন্টিতে এই অলরাউন্ডারকে পাবে না ইংল্যান্ড।
প্রথম টি-টোয়েন্টিতে পাওয়া চোটে সিরিজ শেষ হয়ে গেল উইল জ্যাকসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি চার ম্যাচে এই অলরাউন্ডারকে পাবে না ইংল্যান্ড।
মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে খেলার সময় হাত ভেঙে যায় জ্যাকসের। ইসিবি রোববার নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়া সফরে আর পাওয়া যাবে না তাকে। যথাসময়ে বদলি খেলোয়াড়ের নাম জানাবে তারা।
ম্যাচটি ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নেওয়ার চেষ্টায় হাতে চোট পান জ্যাকস।
আগামী মঙ্গলবার কুইন্সল্যান্ডে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
