২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সিরিজ নির্ধারণী টেস্টের আগে স্মিথকে নিয়ে দুর্ভাবনায় অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একটি পরিবর্তন নিশ্চিত।

সিরিজ নির্ধারণী টেস্টের আগে স্মিথকে নিয়ে দুর্ভাবনায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ছবি: অস্ট্রেলিয়ান মেন’স ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:26 PM

Updated : 26 Oct 2026, 06:27 PM

গেবেখা টেস্টে ঘাড়ে চোট পাওয়া স্টিভেন স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার দুর্ভাবনা এখনও কাটেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারকা এই ব্যাটসম্যানকে।

কেপ টাউন টেস্টের একাদশ সাজানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্মিথের ফিটনেস। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, সোমবার নেটে পুরো একটি সেশন ব্যাটিং করতে পারলেই কেবল স্মিথের খেলার সম্ভাবনা তৈরি হবে।

আগের দিন সাইডআর্ম থ্রোতে মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেন স্মিথ। সে সময় হেলমেটও পরেননি তিনি।

৩৭ বছর বয়সি স্মিথকে পরের ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চিত অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

“আমাদের মনে হচ্ছে, শেষ পর্যন্ত সে খেলতে পারবে কিনা সেটা নির্ভর করছে তার দ্রুত অগ্রগতির ওপর। তবে আজ যদি আমাদের ধারণার চেয়ে ভালো কিছু দেখা যায়, তাহলে সেটার প্রতিফলনও দেখতে পাবেন।”

শেষ পর্যন্ত স্মিথ খেলতে না পারলে মার্নাস লাবুশেনের একাদশে থাকা একরকম নিশ্চিত হয়ে যাবে। তিন নম্বরে তার ভবিষ্যৎ নিয়ে বিতর্কের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে চার ইনিংসের একটিতেও ফিফটি করতে পারেননি তিনি।

সিরিজের শেষ টেস্টের অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। প্রথম দুই ম্যাচে ওপেনার হিসেবে খেলা নিক ম্যাডিনসনকে দল থেকে ছেড়ে দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকায় চার ইনিংসে ০, ৪৮, ০ ও ৮ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকে শেফিল্ড শিল্ডের পরের ম্যাচে পাবে নিউ সাউথ ওয়েলস।

জশ ইংলিসের আঙুল ভেঙে যাওয়ায় বিকল্প কিপার হিসেবে দলে ডাক পাওয়া স্যাম হার্পারও অস্ট্রেলিয়ায় ফিরছেন। মাঠে ফেরার সবুজ সংকেত পেয়েছেন ইংলিস। অ্যালেক্স কেয়ারির কোনো সমস্যা হলে গ্লাভস হাতে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

আকস্মিকভাবে দলে ফেরা ম্যাডিনসন বাদ পড়ায় ট্রাভিস হেডের সঙ্গে কেপ টাউনে ওপেন করতে পারেন ম্যাট রেনশ। ডারবানে মিডল অর্ডারে খেলে ১৯০ রানের ইনিংস খেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।