২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের সঙ্গে ‘আক্রমণাত্মক’ আচরণ করে বড় শাস্তি পেলেন হৃদয়

জোহানেসবার্গে রেকর্ড সেঞ্চুরি করা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

আম্পায়ারদের সঙ্গে ‘আক্রমণাত্মক’ আচরণ করে বড় শাস্তি পেলেন হৃদয়

দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন তাওহিদ হৃদয়। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 03:22 PM

Updated : 20 Nov 2026, 03:30 PM

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের শেষ বলে আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারলেন না তাওহিদ হৃদয়। আলোকস্বল্পতার মাঝেও খেলা চালিয়ে যাওয়ায় আম্পায়ারদের সঙ্গে ‘অশোভন’ আচরণ করে শাস্তি পেলেন তিনি। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করল আইসিসি।

আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ধারাটি ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।’

হৃদয়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম দিন দলের বিপর্যয়ে অসাধারণ ব্যাটিংয়ে ১৩৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন হৃদয়। ৮৪তম ওভারের শেষ বলে মার্কো ইয়ানসেনের নিচু ফুলটসে এলবিডব্লিউ হন তিনি। এরপরই আলোস্বল্পতার কারণে দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

একটু পরই ঘটে হৃদয়ের আচরণবিধির ভঙ্গের ঘটনা। তখন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় তার আচরণ ছিল আক্রমণাত্মক ও অশোভন।

নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হৃদয়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেননি হৃদয়। আউট হয়ে যান ২৩ বলে ২৩ রান করে। জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি বাঁচাতেও পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় ৯ উইকেটে।

সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু দ্বিতীয় টেস্ট।