যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত তাশিমার
ফিফার ওপর আস্থা ফিরিয়ে আনতে চান এই জাপানিজ ফুটবল কর্মকর্তা।
জাপানিজ ফুটবল কর্মকর্তা কোজো তাশিমা বলেছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি তাকে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। তার লক্ষ্য, ফিফার ওপর আস্থা ফিরিয়ে আনা।
গত জুলাইয়ে বিশ্বকাপে লাল কার্ড পাওয়ার কারণে বালোগনের ওপর যে স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেয় ফিফা। ফলে এই স্ট্রাইকার শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তখন জানান, তিনি ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে এই শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন।
এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার জন্ম দেয়। এছাড়া বিশ্বকাপসহ ফিফার টুর্নামেন্টগুলোর স্বত্ব বিক্রির একটি ব্যর্থ প্রচেষ্টার পর থেকে ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন ইনফান্তিনো। তাকে পদত্যাগের জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।
চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার লক্ষ্যে থাকা ইনফান্তিনোর বিপক্ষে আগামী মার্চের নির্বাচনে দাঁড়াবেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অনারারি সভাপতি তাশিমা ও ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।
জাপানে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফিফার ওপর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়ে তাশিমা ২০১৬ সালের পরিস্থিতির কথা উল্লেখ করেন, যখন দুর্নীতির কেলেঙ্কারির পর ইনফান্তিনো দায়িত্ব গ্রহণ করেন।
“১০ বছর আগেও অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল এবং তখন ইনফান্তিনো সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে সভাপতি হয়েছিলেন। তিনি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু ১০ বছর পর, ২০২৬ সালে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে সুশাসনের নীতিকে উপেক্ষা করা হয়েছে।
“আমি ফুটবলের সঙ্গে যুক্ত, বিশেষ করে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করেছি। সেই জায়গা থেকে, বালোগনের লাল কার্ডের (নিষেধাজ্ঞা স্থগিতের) বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তার ওপর, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এ বিষয়ে আমি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম, আর ঠিক সে কারণেই এখানে (নির্বাচনে) দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
বালোগনের ঘটনার প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি বলেছিল, এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে এবং তারা স্বাধীনভাবে কাজ করে।
গত মাসে ফিফা জানিয়েছিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রাখা শৃঙ্খলাবিধির সেই নিয়মটি তারা সংশোধন করবে।
৬৮ বছর বয়সি তাশিমা জাপানের সাবেক ফুটবলার ও যুব দলের সাবেক কোচ। তিনিই প্রথম জাপানিজ প্রার্থী, যিনি ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফা কাউন্সিলে দায়িত্ব পালন করছেন।
ইনফান্তিনো ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর, ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন; এবারই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন।
