২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সবজি চাষের জন্য মাটি খুঁড়তেই মিলল মর্টারশেল

পুলিশ জানায়, এটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:06 PM

Updated : 20 Nov 2026, 09:06 PM

খাগড়াছড়ি সদর উপজেলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি কায় কিসলু।

মর্টারশেলটি পাওয়া বেলাল হোসেন বলেন, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়ছিলেন তিনি। এ সময় মাটির প্রায় এক ফুট নিচে কোদালের সঙ্গে শক্ত কিছু লাগে। পরে মাটি সরিয়ে লোহার বস্তুটি তুলে তিনি তার ভাই সেকান্দারকে জানান।

সেকান্দার বস্তুটি কী, তা জানতে বিভিন্ন জায়গায় নিয়ে যান। একপর্যায়ে গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে সেটি কাটার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি মর্টারশেল বলে শনাক্ত করে। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

ওসি কায় কিসলু বলেন, মাটির নিচ থেকে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা এখনো জানা যায়নি। শনিবার সকালে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করবেন।