১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস আর ভালোবাসায় মোড়ানো স্পেনের আলকালা

জার্মানির বিখ্যাত সংবাদমাধ্যম ডয়চে ভেলের ফেলোশিপ প্রোগ্রামে আমি তখন বন শহরে। সে খবর পেয়ে শিমুল ভাই আগেই আমাকে স্পেন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। কথার ছলে বেশ কৌশলে তিনি আমার ছুটিছাটার দিনক্ষণও জেনে নিয়েছিলেন। কিন্তু এমন চমৎকার সারপ্রাইজ দেবেন, তা ঘুণাক্ষরেও ভাবিনি!

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

Published : 15 Nov 2026, 11:58 PM

Updated : 16 Nov 2026, 12:07 AM

জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে আছি। জার্মানির বন শহরে রাইন নদীর তীরে আমার বাসা। সেখানেই বসে জীবনে প্রথমবারের মতো মন্ত্রমুগ্ধ হয়ে বরফ পড়া দেখছিলাম। এমন ঘোরলাগা মুহূর্তেই হঠাৎ মোবাইল ফোনে জিমেইলের নোটিফিকেশন। স্ক্রিনে তাকিয়ে দেখি শিমুল ভাইয়ের ইমেইল। খুলে তো আমি রীতিমতো অবাক! ভেতরে কোলন-মাদ্রিদ-কোলন রুটে রাইনএয়ারের রিটার্ন টিকিট।

জার্মানির বিখ্যাত সংবাদমাধ্যম ডয়চে ভেলের ফেলোশিপ প্রোগ্রামে আমি তখন বন শহরে। সে খবর পেয়ে শিমুল ভাই আগেই আমাকে স্পেন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। কথার ছলে বেশ কৌশলে তিনি আমার ছুটিছাটার দিনক্ষণও জেনে নিয়েছিলেন। কিন্তু এমন চমৎকার সারপ্রাইজ দেবেন, তা ঘুণাক্ষরেও ভাবিনি!

শিমুল ভাইয়ের সাথে আমার বন্ধুত্বের গল্পটা বেশ নাটকীয়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে তার সাথে প্রথম দেখা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেবার তিনি সুন্দরবনে বেড়াতে এসেছিলেন আমারই লেখা বই ‘দেখুন সুন্দরবন’ হাতে নিয়ে! লেখকের সাথে পাঠকের সেই নাটকীয় পরিচয়ের সূত্র ধরেই আমাদের বন্ধুত্বের শুরু।

২০১৮ সালের জানুয়ারির এক দুপুরে কোলন বন এয়ারপোর্ট থেকে রাইনএয়ারের ফ্লাইটে চেপে বসলাম। ইউরোপে যারা 'রাইনএয়ার'-এ ভ্রমণ করেছেন, তারা এর মজার দিকগুলো ভালো করেই জানেন। এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় 'লো-কস্ট' বা বাজেট এয়ারলাইন্স। টিকিটের দাম বেশ সস্তা হলেও, ফ্লাইটের ভেতর এক গ্লাস পানি খেতে গেলেও পকেট থেকে ইউরো খসে যায়! বিমানের সিটগুলো পেছনের দিকে হেলানো যায় না। তার ওপর মাঝ আকাশেই ক্রুদের শুরু হয় পারফিউম থেকে শুরু করে লটারি বা 'স্ক্র্যাচ কার্ড' বিক্রির হাঁকডাক। মনে হয় যেন আস্ত একটা 'ফ্লাইং সুপারমার্কেট'!

তবে ফ্লাইটের ভেতরের এই অদ্ভুত বাণিজ্যিক পরিবেশের ঠিক বিপরীত ছিল জানালার বাইরের দৃশ্যটা। ফ্লাইট যখন স্পেনের আকাশসীমায় প্রবেশ করল, তখনো সন্ধ্যা নামেনি। জানালার পাশের সিটে বসে বিকেলের নরম, সোনালী আলোয় আমি স্পেনকে আবিষ্কার করছিলাম। একসময় চোখ আটকে গেল স্পেনের বিস্তীর্ণ সুনীল আকাশে। সেখানে যেন কোনো এক অদৃশ্য জাদুকর তুলির নিখুঁত আঁচড় কেটে গেছে! পরপর বেশ কয়েকটি প্লেনের সাদা কনট্রেইল গোধূলি বেলার সেই নীল আকাশে অদ্ভুত এক মায়াবী রেখা তৈরি করেছিল। দৃশ্যটি দেখে আমার ঘোর আর কাটছিল না।

সন্ধ্যার পরপরই স্পেনের আদোলফো সুয়ারেস মাদ্রিদ-বারাহাস এয়ারপোর্টে (Adolfo Suárez Madrid–Barajas Airport) নামলাম। এরপর শিমুল ভাইয়ের আগে থেকে দেওয়া পরামর্শ অনুযায়ী সরাসরি আলকালা দে এনারেস-এর বাস ধরলাম। এয়ারপোর্ট থেকে মাত্র চল্লিশ মিনিটের পথ। বাস স্টপেজে পৌঁছাতেই দেখি শীতের কাপড় মুড়িয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন শিমুল ভাই। দূর প্রবাসে এমন উষ্ণ অভ্যর্থনা নিমিষেই শীতের কাঁপুনি ভুলিয়ে দিল। আমার থাকার ব্যবস্থা হয়েছিল শিমুল ভাইয়ের বাসাতেই।

শিমুল ভাইয়ের অ্যাপার্টমেন্টটি আলকালা শহরের 'উর্বানিসাসিওন মিলিতারেস ওফিসিয়ালেস' (Urbanizacion Militares Oficiales) কমপ্লেক্সে। নামের মাঝেই লুকিয়ে আছে এর পরিচয়। মূলত সামরিক কর্মকর্তাদের জন্য গড়ে ওঠা একটি আবাসিক কমপ্লেক্স এটি। তবে সামরিক ব্যক্তিদের জন্য তৈরি হলেও এখানে বেসামরিক লোকজনও থাকতে পারেন, ঠিক যেন আমাদের ঢাকার ডিওএইচএস এলাকাগুলোর মতো!

দারুণ ছিমছাম, পরিপাটি আর শান্ত একটা পরিবেশ চারদিকে। শিমুল ভাইদের অ্যাপার্টমেন্টে ঢুকতেই মনটা প্রশান্তিতে ভরে গেল। চমৎকার গোছানো, খোলামেলা আর আলো-বাতাসে ভরপুর একটি বাসা। শীতের দিন হলেও ঘরের ভেতর স্প্যানিশ স্থাপত্যের কল্যাণে বেশ উষ্ণ আর আরামদায়ক একটা পরিবেশ বিরাজ করছিল।

বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই আমার চোখ ছানাবড়া! গত তিন মাসের জার্মান প্রবাস জীবনে দেশি খাবারের জন্য ভেতরে তীব্র ব্যাকুলতা তৈরি হয়েছিল। কিন্তু নাসিমা ভাবী, অর্থাৎ শিমুল ভাইয়ের স্ত্রীর রাজকীয় আয়োজন দেখে আমি একেবারেই বাকরুদ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে যে কোনটা খাব, বুঝতে পারছিলাম না। সর্ষে ইলিশ, রুই মাছের দোপেঁয়াজা, ধোঁয়া ওঠা গরুর মাংসের ভুনা আর নানা পদের সবজির বিশাল সমারোহ। এসব দেখে মনে হচ্ছিল যেন বহু দিন পর নিজের বাড়িতে, মায়ের হাতের রান্নার সামনে বসে আছি। প্রবাসের মাটিতে দেশি স্বাদ ও ভালোবাসার এমন ছোঁয়া আমার চোখ দুটোকে কিছুটা আর্দ্রই করে দিল।

ভাবীর হাতের সেই অমৃতসম খাবারের পাশাপাশি প্রবাসের এই একাকী জীবনে বাড়তি আনন্দ নিয়ে এসেছিল শিমুল ভাইয়ের আদুরে কন্যা মিনহা। ওর বয়স তখন ছয় কী সাত বছরের মতো। মিনহার বয়সটা আবার আমার কন্যা সুচেতার মতোই, তাই ওকে দেখে নিজের মেয়ের কথাই বারবার মনে পড়ছিল। টেডি বিয়ার ওর ভীষণ পছন্দ, দেখলাম ওর ঘরভর্তি নানান রূপ আর আকারের টেডি বিয়ারের বিশাল এক সংগ্রহ! প্রবাসের ওই ছিমছাম অ্যাপার্টমেন্টে ছোট্ট মিনহার মিষ্টি দুষ্টুমি আর কলকাকলি আমার সময়গুলোকে দারুণ প্রাণবন্ত করে তুলেছিল।

পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে গিয়ে আরও একদফা অবাক হলাম। সেখানে সাজানো নানা রকম দেশি পিঠার এক এলাহি আয়োজন! স্পেনের কনকনে শীতের সকালে ভাবীর হাতের বানানো সেই রসে ভেজানো দুধ চিতইয়ের স্বাদ আজও আমার জিহভায় লেগে আছে।

এমন পেটপুরে অমৃতসম খাবার খেয়ে সকাল সকাল শিমুল ভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য, স্প্যানিশ ইতিহাসের জীবন্ত জাদুঘর এই ছোট্ট শহর আলকালা ঘুরে দেখা। শিমুল ভাই ইতালির বলোনিয়া শহর ছেড়ে এসে স্পেনের এই আলকালায় থিতু হয়েছেন বেশি দিন হয়নি। অথচ এরই মধ্যে তিনি আলকালার প্রতিটি জায়গা, অলিগলি আর এর সুপ্রাচীন ইতিহাস একদম নখদর্পণে নিয়ে এসেছেন! তাঁর এই জ্ঞান শহরটিকে নতুন করে চিনতে আমাকে দারুণ সাহায্য করেছিল।

শহরের মূল কেন্দ্রবিন্দু প্লাসা দে সের্বান্তেস থেকেই আমাদের হাঁটা শুরু। এই শহরের সবচেয়ে বড় পরিচয় হলো, এটি বিশ্বসাহিত্যের অমর চরিত্র ‘দন কিহোতে’-এর স্রষ্টা মিগেল দে সের্বান্তেসের জন্মস্থান। বিশাল চত্বরের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে সের্বান্তেসের ব্রোঞ্জের মূর্তি।

চত্বরে দাঁড়িয়ে ওপরের দিকে চোখ রাখতেই আলকালার আরেক অনবদ্য বিস্ময় দৃষ্টি কাড়ল। এই শহরের অন্যতম আকর্ষণ ও প্রতীক হলো সাদা সারস পাখি। স্প্যানিশ ভাষায় এদের বলা হয় ‘সিগুয়েনঞাস’। পুরনো গির্জার চূড়া, শহরের প্রাচীন দালানকোঠা আর বিশ্ববিদ্যালয়ের উঁচু টাওয়ারগুলোতে এরা অতিকায় সব বাসা বেঁধেছে। আলকালায় এই পাখিদের এতটাই কদর যে, পর্যটকদের জন্য আলাদা ‘সারস রুট’ পর্যন্ত রয়েছে! জানুয়ারির রিক্ত শীতে গাছগুলো ডালপালাহীন। প্রাচীন পাথুরে ইমারতের ওপর দাঁড়িয়ে আছে বিশালাকার পাখিদের দল। দৃশ্যটি শহরের আকাশরেখায় এক অদ্ভুত বুনো আর রোমান্টিক সৌন্দর্য যোগ করেছিল।

পাখিদের রাজ্য থেকে চোখ নামিয়ে পা বাড়ালাম কাইয়্যে মাইয়র-এর দিকে। এটি স্পেনের সবচেয়ে দীর্ঘ খিলানযুক্ত রাস্তা। রাস্তার দু’পাশে সারি সারি প্রাচীন স্তম্ভ আর ঝুলন্ত বারান্দাওয়ালা বাড়িগুলো দারুণ রোমান্টিক। এই রাস্তাতেই রয়েছে মিগেল দে সের্বান্তেসের পৈতৃক বাড়ি—'মুসেও কাসা নাতাল দে সের্বান্তেস'। ১৫৪৭ সালে এখানেই জন্ম নিয়েছিলেন তিনি। বাড়িটি এখন একটি চমৎকার জাদুঘর। সেখানে সংরক্ষিত আছে ‘দন কিহোতে’-এর দুর্লভ সব সংস্করণ। তবে আমরা বাড়িটি দেখতে গিয়েছিলাম রাতের বেলায়। জাদুঘর ততক্ষণে বন্ধ থাকায় ভেতরে আর ঢোকা হলো না। তবে বাড়ির সামনেই বেঞ্চে দন কিখতে আর সাঞ্চো পাঞ্ছার ব্রোঞ্জের মূর্তি বসানো আছে। মূর্তির পাশে বসে ছবি তুললাম। গল্প আর মুগ্ধতায় চমৎকার কিছুটা সময়ও কাটালাম সেখানে।

কাইয়্যে মাইয়র-এর এই জায়গাটিতে এসে আরও একটি বিস্ময়কর ঐতিহাসিক স্থানে আমরা দাঁড়ালাম। সের্বান্তেসের পৈতৃক বাড়ির ঠিক পাশেই রয়েছে 'আন্তিগুও ওস্পিতাল দে নুয়েস্ত্রা সেনঞরা দে লা মিসেরিকোর্দিয়া' (Antiguo Hospital de Nuestra Señora de la Misericordia), যা বর্তমানে 'আনতেসানা হাসপাতাল' নামে পরিচিত। ১৪৮৩ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটির একটি দারুণ রেকর্ড রয়েছে। এটি ইউরোপের সবচেয়ে পুরোনো হাসপাতাল, যা প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি টানা চিকিৎসা সেবা দিয়ে আসছে! এর পেছনের মজার তথ্যগুলো আরও অবাক করার মতো। মিগেল দে সের্ভান্তেসের বাবা রদ্রিগো দে সের্ভান্তেস পেশায় ছিলেন একজন সার্জন। তিনি এই হাসপাতালেই কাজ করতেন, আর সে কারণেই তাদের পরিবার ঠিক এর পাশের বাড়িটিতে থাকত! এছাড়া ১৫২৬ সালের দিকে বিখ্যাত স্প্যানিশ সাধু ইগনাতিউস অফ লয়োলা (Ignatius of Loyola) যখন আলকালা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন তিনিও এই হাসপাতালে কিছুদিন নার্স ও বাবুর্চি হিসেবে কাজ করেছিলেন। প্রাচীন এক রাস্তায় এমন সব ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সত্যিই অভাবনীয়।

হাঁটতে হাঁটতেই চোখে পড়ল আলকালার আরও কিছু ঐতিহাসিক রত্ন। এর মধ্যে অন্যতম হলো আর্চবিশপের প্রাসাদ বা 'পালাসিও আরসোবিস্পাল' (Palacio Arzobispal)। রেনেসাঁ স্থাপত্যের এই বিশাল রাজকীয় ভবনের সামনে দাঁড়ালে স্পেনের স্বর্ণযুগের ক্ষমতা আর ঐশ্বর্যের আঁচ পাওয়া যায়। শহরের আরেক প্রান্তে দেখলাম ইউরোপের সবচেয়ে পুরনো পাবলিক থিয়েটারগুলোর একটি—‘কোরাল দে কোমেদিয়াস’। সেখানে সতেরো শতকের স্প্যানিশ নাটকের সোনালী যুগের ছোঁয়া আজও জীবন্ত।

এর ঠিক পরেই আমরা গেলাম 'ম্যাজিস্ট্রাল ক্যাথেড্রাল'-এ। এটি শহরের আধ্যাত্মিক ও স্থাপত্যের অন্যতম নিদর্শন। সাধু হুস্তো এবং পাস্তোর নামের দুই শিশু শহীদের সমাধির ওপর গড়ে উঠেছে লেট-গথিক স্থাপত্যের এই ক্যাথেড্রাল। এর একটি বিশেষত্ব আছে। বেলজিয়ামের সেন্ট পিটার্স বাদে পুরো বিশ্বে এটিই একমাত্র 'ম্যাজিস্ট্রাল' বা শিক্ষায়তনিক মর্যাদাপ্রাপ্ত ক্যাথেড্রাল। এর সুউচ্চ বেল টাওয়ারটি শহরের আকাশরেখায় এক আলাদা গাম্ভীর্য ধরে রেখেছে।

ক্যাথেড্রাল থেকে কিছুটা এগোতেই চোখে পড়ল 'সান বের্নার্দো মঠ'। ১৬২৩ সালে কার্ডিনাল বের্নার্দো দে সান্দোবালের হাতে তৈরি হয় এই মঠ। এটি স্প্যানিশ বারোক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এর ইটের তৈরি চমৎকার সম্মুখভাগ আর বিশাল ডিম্বাকৃতি গম্বুজটি নজর কাড়ার মতো। একসময় এই মঠ সন্ন্যাসিনীদের পদচারণায় মুখর থাকত। এর শান্ত পরিবেশ শহরের ঐতিহাসিক গাম্ভীর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছিল।

আলকালা দে এনারেসের আরেক গর্ব হলো এর শতবর্ষী বিশ্ববিদ্যালয়। কার্ডিনাল সিসনেরোসের হাতে পঞ্চদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় আলকালা বিশ্ববিদ্যালয়। এটি স্পেনের রেনেসাঁ আমলের এক অনবদ্য নিদর্শন। এর মূল ভবনের কারুকাজ করা পাথরের সম্মুখভাগ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। শীতের ছুটিতে শিক্ষার্থীদের আনাগোনা কিছুটা কম ছিল। তবে প্রাচীন লাইব্রেরি আর শান্ত প্রাঙ্গণের পরতে পরতে মিশে থাকা জ্ঞান আর ইতিহাসের ভারী ঘ্রাণ ঠিকই অনুভব করা যাচ্ছিল।

ঐতিহাসিক ইমারতের গাম্ভীর্য থেকে কিছুটা বিরতি নিতে এরপর আমরা গেলাম শহরের চমৎকার এক সবুজ প্রান্তর 'পার্ক সেমেন্টালেস'-এ। এককালে এটি সামরিক বাহিনীর ঘোড়া প্রজনন কেন্দ্র বা স্টাড ফার্ম হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকেই এর নামের উৎপত্তি। বর্তমানে এটি আলকালার অন্যতম সুন্দর ও কোলাহলমুক্ত একটি পার্ক। শীতের রিক্ততায় পার্কের অনেক গাছের পাতা ঝরে গেছে। তবুও এর শান্ত পরিবেশ, লম্বা গাছের সারি আর হাঁটার প্রশস্ত পথগুলো বেশ আরামদায়ক ছিল। প্রাচীন পাথুরে শহরের মাঝে এই সবুজ স্নিগ্ধতা মনকে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়।

পার্কের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আমরা শহরের একটি জমজমাট হলিডে মার্কেটে ঢুকলাম। স্থানীয়রা একে ‘মের্কাদিইয়্যো’ বলে থাকে। খোলা আকাশের নিচে বসা এই বিশাল বাজারটি যেন রঙের এক মেলা! সেখানে স্পেনের বিখ্যাত তাজা কমলা, জলপাই আর নানা জাতের ফলমূলের পসরা। এর পাশাপাশি আছে শীতের রঙিন কাপড়চোপড়, চামড়ার জিনিসপত্র আর হস্তশিল্পের বিশাল সমাহার। প্রাচীন শহরের নিস্তব্ধতার ঠিক বিপরীত এক প্রাণোচ্ছল কোলাহল এখানে। স্প্যানিশ জীবনযাত্রার স্পন্দন খুব কাছ থেকে দেখার দারুণ এক সুযোগ হলো এই বাজার।

মার্কেটের ভিড় ঠেলে আমরা শহরের একপ্রান্তে চলে এলাম। সেখানে বয়ে চলেছে একটি স্বচ্ছ জলের স্রোতধারা। স্থানীয় নদী ‘রিও এনারেস’-এর এই অংশটিকে অনেকেই শান্ত খাল বলে ভুল করেন। দু’পাশে শীতের ন্যাড়া গাছপালার সারি। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে আয়নার মতো স্বচ্ছ জল। সেখানে দেখলাম রাজহাঁস আর নাম না জানা বেশ কিছু পরিযায়ী অতিথি পাখির দল নিশ্চিন্তে সাঁতার কাটছে। ইট-পাথরের প্রাচীন শহরের মাঝে প্রকৃতির এমন স্নিগ্ধ একটি জলাশয় আমার মনকে এক অনাবিল শান্তিতে ভরিয়ে দিল।

বিকেলের দিকে যখন সূর্য নামতে শুরু করল, আলকালার পাথুরে রাস্তা আর শান্ত নদীর জল এক সোনালী আভায় ছেয়ে গেল। দন কিখতের কল্পনার জগতের মতোই এই শহরটিও যেন তার নিজস্ব এক বাস্তব আর স্বপ্নের মায়াজালে চিরকালের জন্য আটকে আছে।

আলকালা শহর দেখা শেষ করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল। চারদিকে একটা স্নিগ্ধ নিস্তব্ধতা নেমে এসেছে। আমরা এসে পৌঁছালাম প্লাসা দে সের্বান্তেস-এ থাকা শিমুল ভাইয়ের রেস্তোরাঁ 'আলী বাবা কেবাব'-এ। সেখানে তিনি খুব যত্ন করে আমাকে বিখ্যাত তার্কিশ ডোনার কাবাব খেতে অনুরোধ করলেন। সাধারণ সময় হলে হয়তো নির্দ্বিধায় খেয়েও নিতাম। কিন্তু আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলাম। কাবাবের সুবাস তখন আর আমাকে টানছে না। কারণ, আমার মনটা যে পড়ে আছে সেই ছিমছাম অ্যাপার্টমেন্টে, যেখানে নাসিমা ভাবীর হাতের জাদু আর দেশি স্বাদের অমৃতসম খাবার আমার জন্য অপেক্ষা করছে!