ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী
জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরাসি ও জাপানিজ ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা ।
চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার লড়াইয়ে দুজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলেরে নিয়ন্তা সংস্থা জানিয়েছে, বর্তমান সভাপতির পুনর্নির্বাচনের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাবেন ফরাসি ও জাপানিজ ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা ।
গত মাসে টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা প্রথম প্রার্থী হিসেবে প্রকাশ্যে তার স্বদেশি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বৃহস্পতিবার ফিফার ঘোষিত প্রার্থীদের তালিকায় তিনি নেই।
২০২৭ সালের মার্চে হবে এই নির্বাচন। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পর, এই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন ইনফান্তিনো।
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি দিয়ালো গত সোমবার তার প্রার্থিতা ঘোষণা করেন। উয়েফা নির্বাহী কমিটি এবং ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী উয়েফা সদস্য সংস্থাগুলোর সমর্থনও পেয়েছেন তিনি।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অনারারি সভাপতি তাশিমা ফিফার শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন চলতি মাসের শুরুতে এবং বুধবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন জমা দেন।
ফিফা এক বিবৃতিতে বলেছে, “প্রার্থীদের নাম নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে, যাতে তারা সেগুলো যাচাই-বাছাই করে প্রার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
“২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবিত ও গৃহীত প্রার্থীদের নাম সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে জানিয়ে দেওয়া হবে।”
বিশ্বকাপ এবং অন্যান্য বড় প্রতিযোগিতায় অংশীদারিত্ব বিক্রির উদ্যোগে দেওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবটি ব্যর্থ হওয়ার পর থেকে ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন ইনফান্তিনো। তাকে পদত্যাগের জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।
তবে ২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ৫৬ বছর বয়সি এই সুইস ফুটবল কর্তার দাবি, তাকে পুনরায় নির্বাচিত করার জন্য বিশ্বজুড়ে সদস্য সংগঠনগুলোর যথেষ্ট সমর্থন রয়েছে।
২০২৩ সালে এফএফএফ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া দিয়ালো, এফএফই বিতর্ককে কেন্দ্র করে ইনফান্তিনোর প্রতি ফ্রান্স এবং অন্যান্য ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সমর্থন প্রত্যাহারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন।
৬৩ বছর বয়সি দিয়ালোর ফিফা সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা নিশ্চিত করে গত সোমবার উয়েফা বলে, ফিফার কার্যপন্থা নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষাপটে, জাতীয় সংস্থাগুলো বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে নতুন করে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
