জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য নেবে ট্রাইব্যুনাল
আসামিপক্ষ নিজেদের সাক্ষী উপস্থাপনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল-১ সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষী (আসা পক্ষের সাক্ষী) আনবেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আগামী রোববার এই সাক্ষ্যগ্রহণ হবে।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্য পরবর্তী জেরা শেষ করেন জিয়াউলের আইনজীবী সাহিদুর রহমান।
এরপর আসামিপক্ষ নিজেদের সাক্ষী উপস্থাপনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল-১ সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে।
তদন্ত কর্মকর্তাকে জেরার সময় প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে এ দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন কৌঁসুলি মিজানুল ইসলাম। তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মামলার ১৫তম সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান এ দিন ট্রাইব্যুনালে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলে জানান তার বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাফাই সাক্ষী উপস্থাপনের জন্য সময় চেয়েছিলাম। আদালত ২২ নভেম্বর তারিখ রেখেছেন।”
কতজন সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে প্রশ্নে আইনজীবী নাজনীন বলেন, “এখনো ঠিক করিনি। মামলার জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।”
আওয়ামী লীগের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রধান কৌঁসুলির কার্যালয়। শুনানির পর ওইদিনই তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয়।
ওই বছরের ১৬ অগাস্ট তাকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
