১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে টায়ারে আগুন দিতে গিয়ে পুলিশের হাতে ধরা ৬

পুলিশ জানায়, কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এ ঘটনা ঘটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:11 PM

Updated : 19 Nov 2026, 09:11 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহাসড়কে টায়ারে আগুন দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ছয়জন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

গ্রেপ্তার চারজন হলেন- চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের বাবুলের ছেলে মো. হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব (২০) এবং ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০)।

এ ছাড়া ১৫ ও ১৬ বছর বয়সী আরও দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামে এবং অন্যজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় নামে। এরপর তারা মহাসড়কে মবিল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।