‘বিগবস বাংলা’: সৌরভকে ধাক্কা মেরে আহত, তোপের মুখে জিতু
বিগবসের ক্যামেরার সামনে এসে ‘টিকেট টু ফিনালে’র মেডেল ফিরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন জিতু।
লড়াই করে জিতলেন টাস্ক। ‘বিগবস বাংলা: সিজন ৩’ এ প্রতিযোগীদের মধ্যে প্রথম সদস্য হিসেবে চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়ে জিতলেন মেডেলও। সেই মেডেল আবার ‘দাদার দরবারে’ ফিরিয়ে দিতে বিগবসের কাছে আর্জি জানিয়ে প্রতিদ্বন্দ্বীকে বলেন,‘সরি!’ তবুও তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিতু কমল!
‘বিগবস বাংলার’ বৃহস্পতিবারের পর্বে একটি খেলায় প্রতিপক্ষ সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জিতু, তাতে সৌরভ আঘাত পান। জয়ী হন জিতু। আর এ ঘটনায় জিতুর বিরুদ্ধে সরব হয়েছে সৌরভের পরিবার, জিতুর সাবেক স্ত্রী এবং সহশিল্পীদের কেউ কেউ। সোশাল মিডিয়ায় সামলোচনা করেছেন দর্শকরাও।
সংবাদমাধ্যম ‘টিভি নাইন বাংলা’ জানিয়েছে সৌরভের স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিক ফেইসবুকে জিতুর নামের নামের প্রথম অক্ষর দিয়ে লিখেছেন, “এটা লজ্জাজনক।
তাকে সমর্থন করেছেন পরিচালক অয়ন সেনগুপ্ত।
জিতুর প্রতি বিগবসের ‘পক্ষপাতিত্ব করার’ ইঙ্গিত দিয়ে অয়ন ফেইসবুকে পোস্ট করেন।
তিনি লেখেন, “এবার তাহলে চ্যাম্পিয়নটাও ঘোষণা করে দিন। শুধু শুধু আর কেন দিন টানছেন??”
সেই পোস্টের কমেন্ট বক্সে জিতুর সাবেক সহকর্মী দিতিপ্রিয়া রায় লিখেছেন, “একটা সিম্পল কোয়েশ্চেন আমার। আমি যদি কোনও ক্রাইম করে ‘সরি’ বলি, তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?”
অন্যদিকে কারো নাম উল্লেখ না করে ইন্সটাগ্রামে স্টোরি দিয়েছেন জিতুর সাবেক স্ত্রী নবনিতা দাস। ‘জোকারের স্টিকার’সহ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, “ভণ্ডামির একটা লিমিট থাকে…।”
সৌরভের মা অজন্তা দাস উদ্বেগ জানিয়ে বলেছেন, “যেভাবে ওকে ছিটকে দেওয়া হল সেটা অনৈতিক ও ভয়ঙ্কর। পড়ে গিয়ে মুখটা ফেটে যেতে পারত।”
টাস্কে ঘটেছিল কী?
‘বিগবস বাংলা’র ফাইনাল ঘনিয়ে আসছে। ৮২তম পর্বের প্রথম ‘টিকেট টু ফিনালে’ টাস্ক হয় বৃহস্পতিবার। সেখানেই লড়াই চলছিল জিতু কমল বনাম সৌরভ দাসের মধ্যে।
একই রিকশায় কে শেষ পর্যন্ত বসে থাকতে পারে- এটাই ছিল টাস্ক। টাস্কে জিতে, বিগবস বাংলার প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজের জায়গা সুরক্ষিত করেছেন জিতু কমল। কিন্তু যেভাবে জিতেছেন- সেই ধরন নিয়ে হচ্ছে সমালোচনা।
সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হওয়া এই খেলা শেষ হয় রাত পৌনে ১১টার দিকে। কারণ সেসময় ‘সরি সৌরভ!’ বলে রিকশা থেকে সৌরভকে ধাক্কা মেরে ফেলে দেন জিতু্।
সৌরভের মতে, টাস্কের এক পর্যায়ে হওয়া কথোপকথনে ‘ধাক্কাধাক্কি’ করার প্রসঙ্গ উঠলে, মহাদেবের দিব্যি কেটে অসম্মতি জানিয়েছিলেন জিতু।
তারপরও সেই ‘ধাক্কা’ মেরেই ‘টিকেট টু ফিনালের’ লড়াইয়ে জিতেছেন জিতু। পড়ে গিয়ে সৌরভের হাত কেটে যায়। টাস্ক শেষে সৌরভের ‘অপরিসীম সহ্য শক্তির’ প্রশংসা আসে বিগ বসের কণ্ঠ থেকে।
টাস্কে জিতুর খেলার এই ধরন নিয়ে সমালোচা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘরের ভেতরে থাকা সদস্যরাও এই ঘটনার সমালোচনা করেছেন। ক্ষোভ প্রকাশ করেন রণিতা দাস, নিরঞ্জন মণ্ডল, তনুশ্রী রায় দাস।
রণিতা জিতুকে ‘রাক্ষস’ বলেও মন্তব্য করেন। তাকে ‘হিংস্র’ বর্ণনা করে এ কাজকে ‘নোংরামো’ বলে মন্তব্য করেন তনুশ্রী।
এদিকে জিতুর পাশে থেকেছেন সৃজলা গুহ ও রাজবীর দে। মনামী ঘোষ ও দুর্নিবার সাহাকে তুলনামূলক নিরপেক্ষ অবস্থানে দেখা যায়।
মেডেল জেতার পর আবেগআপ্লুত হয়ে পড়েন জিতু। বিজয়ী হিসেবে নাম ঘোষণার সময় ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। অপরাধবোধ থেকে রাত দেড়টায় বিগবসের ক্যামেরার সামনে এসে ‘টিকেট টু ফিনালে’র মেডেল ফিরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।
তবে পুরো ঘটনায় সৌরভকে সেভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।
