বসা নিয়ে বিতণ্ডা, দূরবীন বাংলা রেস্তেঁরায় হামলা-ভাঙচুর
ঢাকা মহানগার পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার রুহুল কবীর খান বলেন, “এটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, আমরা খুঁজে বের করার কাজ করছি।”
বসতে দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে ঢাকার মহাখালী এলাকার আলোচিত রেস্তোরাঁ দূরবীন বাংলা ভেঙেচুরে একাকার করেছেন একদল তরুণ।
পুলিশ ও রেস্তোঁরা কর্তৃপক্ষ বলছে, হামলাকারীরা স্থানীয় একটি কলেজের ছাত্র।
দূরবীন বাংলা রেস্তোঁরার সকালের নাস্তাসহ বিভিন্ন খাবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে আলোচনা চলছে। বিশেষ করে ছুটির দিনে ঢাকার নানা প্রান্ত থেকে লোকজন সকালে সেখানে নাস্তা করতে যান।
ভিড় এত বেশি থাকে যে দোকানের বাইরে লাইন পড়ে যায়, সিরিয়াল ধরে বসার জন্য অপেক্ষা করেন অনেকে। সে কারণে গ্রাহকদের অপেক্ষার জন্যও সেখানে আলাদা জায়গা রাখা হয়েছে।
হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কিছু লোক উন্মত্তের মত রেস্তোঁরায় ভাঙুচর চালাচ্ছেন। কয়েকজন পুলিশ সদস্য তাদের নিরস্ত করার চেষ্টা চালাচ্ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। বনানী থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে এসেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশকে ডিঙিয়ে পুরো রেস্তোঁরায় ভাঙচুর চালায় হামলাকারীরা।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রেস্তোঁরার ঢোকার মুখে ভাঙা কাচের গুঁড়ো পড়ে আছে, ভেতরটা এলোমেলো।
রেস্তোরাঁর দুই পাশের কোনো কাচ অবশিষ্ট নেই। স্থানীয় লোকজন ভিড় করছেন, পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখছেন।
দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ তার বন্ধু ও ঘটনাস্থলে সহানুভূতি জানাতে আসা লোকজনের কাছে ঘটনার বর্ণনা করছিলেন।
তিনি বলেন, “প্রথমে একটা ছেলে এসেছিল। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
“এসময় আমাদের একজন স্টাফ সেখানে বিষয়টি মিটমাট করতে যায়। ওই তরুণ হয়ত ছাত্র হবে এটা বুঝতে পেরে আমাদের স্টাফ তাকে আরেকটা জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতেই তিনি ক্ষেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান।”
সাফিন বেগ বলেন, “কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোঁরার বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে।”
ঘটনাস্থলে স্থানীয় এক বাসিন্দা সঙ্গে কথা হয়। তিনি বলেন, “হইচই শুরু হওয়ার পর এসে দেখি অন্তত একশ ছেলে-পেলে। ধুন্ধুমার ভাঙচুর চলছে। রাস্তার ওপারে আরও কয়েকজন। আমি ক্যামেরা বের করে ভিডিও শুরু করা মাত্র তারা কয়েকজন আমাকেই ধাওয়া দেয়।
“এসময় একজন রিকশাযাত্রী ক্যামেরা বের করে ভিডিও করলে হামলাকারীরা তাকে জুতা দিয়ে মারধর করা শুরু করে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে, ভয় পেয়ে আমি বাসায় চলে যাই।”
ওই ব্যাক্তি বলছিলেন, “ছাত্ররা প্রথম যখন দূরবীন বাংলার স্টাফকে মারধর শুরু করে তখন ধস্তাধস্তিতে একজন ছাত্রের সম্ভবত মাথা ফেটে যায়। এরপর তারা এক-দেড়শ ছেলেকে ডেকে নিয়ে এসে ভাঙচুর চালায়।”
ঢাকা মহানগার পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার রুহুল কবীর খানসহ কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থলে যান।
রুহুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, আমরা খুঁজে বের করার কাজ করছি।”
তিনি রেস্তোঁরা মালিক সাফিনকে যতো দ্রুত সম্ভব রেস্তোঁরাটি খোলার পরামর্শ দেন। এবং সার্বক্ষণিক সেখানে পুলিশ থাকবে বলে আশ্বস্ত করেন।
