২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার গভীর রাতে হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 07:40 PM

Updated : 20 Nov 2026, 07:40 PM

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, “সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণ কিংবা আগুন দেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে তারা। তাদের কর্মকাণ্ড এখন কার্টুনের মতো হয়ে গেছে।”

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় তার বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনার পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “ভোর পাঁচটার দিকে আমার বাসায় আগুন দিয়ে তারা পালিয়ে যায়। বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এরপর দৌড় দেয়। তাদের অবস্থা এমন হয়েছে, ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, এটি ‘সন্ত্রাসী লীগে’ পরিণত হয়েছে। দলটির নেত্রী শেখ হাসিনা দল ও পরিবার দুটিই ধ্বংস করেছেন। এখন দলের ভেতরে থাকা নেতাকর্মীরা অন্যদেরও বিপদে ফেলার চেষ্টা করছেন।”

তিনি বলেন, “তাদের মধ্যে এমন মনোভাব কাজ করছে যে, তিনি পালিয়ে গেছেন, তাই দেশে থাকা অন্যরাও যেন ভালো থাকতে না পারেন।”

সন্ত্রাসীদের মোকাবিলা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ জানে। সরকারও তা জানে। সরকার সহনশীলতার নীতি অনুসরণ করছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সরকার তা নিতে দ্বিধা করবে না। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।”

তিনি বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে টিকে থাকতে পারবে না। কখনোই পারবে না।”