দূরবীন বাংলা রেস্তোরাঁয় ভাঙচুর: মামলা হলেও গ্রেপ্তার নেই
অন্তত ১০ জনকে চিহ্নিত এবং প্রায় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায়।
বসতে দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে ঢাকার মহাখালী এলাকার দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। যদিও এ ঘটনায় হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেস্তোরাঁটিতে গত শুক্রবার সকালের ওই ঘটনায় সেদিনই রাতে অন্তত ১০ জনকে চিহ্নিত এবং প্রায় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করে দূরবীন বাংলা কর্তৃপক্ষ।
বনানী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনার সিসিটিভি ভিডিও দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কয়েকজনকে চিহ্নিত করে মামলা করেছে। আমরা সেগুলো দেখে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”
তবে যে ১০ জনকে চিহ্নিত করে মামলা হয়েছে, তাদের নাম প্রকাশ করেননি ওসি।
এ বিষয়ে বক্তব্য জানতে রেস্তোরাঁটির মালিক সাফিন বেগের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনিও সাড়া দেননি।
দূরবীন বাংলা রেস্তোরাঁর সকালের নাস্তাসহ বিভিন্ন খাবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে আলোচনা চলছে। বিশেষ করে ছুটির দিনে ঢাকার নানা প্রান্ত থেকে লোকজন সকালে সেখানে নাস্তা করতে যান। ভিড় এত বেশি থাকে যে, দোকানের বাইরে লাইন পড়ে যায়। সিরিয়াল ধরে বসার জন্য অপেক্ষা করেন অনেকে। সে কারণে গ্রাহকদের অপেক্ষার জন্যও দোকানটিতে আলাদা জায়গা রাখা হয়েছে।
রেস্তোরাঁটিতে শুক্রবার হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কিছু লোক উন্মত্তের মত রেস্তোরাঁয় ভাঙুচর চালাচ্ছে। কয়েকজন পুলিশ সদস্য তাদের নিরস্থ করার চেষ্টা চালাচ্ছিলেন।
শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। বনানী থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে এসেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশকে ডিঙিয়ে পুরো রেস্তোঁরায় ভাঙচুর চালায় হামলাকারীরা।
ওই দিন দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ তার বন্ধু ও ঘটনাস্থলে সহানুভূতি জানাতে আসা লোকজনের কাছে ঘটনার বর্ণনা করছিলেন।
তিনি বলছিলেন, “প্রথমে একটা ছেলে এসেছিল। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
“এ সময় আমাদের একজন কর্মী সেখানে বিষয়টি মিটমাট করতে যায়। ওই তরুণ হয়ত ছাত্র হবে; এটা বুঝতে পেরে আমাদের কর্মী তাকে আরেকটা জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতেই তিনি ক্ষেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোঁরার বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে।”
