২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাত, নিহত ৪

৫ জানুয়ারির নির্বাচনের বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাত হয়েছে দেশের অধিকাংশ স্থানে, যাতে চারজন নিহত এবং বহু আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 12:20 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

নির্বাচনের বর্ষপূর্তিতে জেলায় জেলায় সংঘাত
নাটোরে আওয়ামী লীগের ‘মিছিল থেকে’ গুলি, নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে নিহত ১, মঙ্গলবার হরতাল
রাজশাহীতে সংঘর্ষে নিহত ১, মঙ্গলবার হরতাল
চট্টগ্রামে শিবিরের উস্কানিতে সংঘর্ষ, সমাবেশ পণ্ড
দিনাজপুরে বিএনপি ও জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ
ইবনে সিনার সামনে বোমা বিস্ফোরণ, পরে ভাঙচুর

দুই প্রধান রাজনৈতিক দলের এক পক্ষ ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং অন্য পক্ষ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের কর্মসূচি দেওয়ায় দশম সংসদ নির্বাচনের এক বছর পর পুনরায় সংঘাতের শঙ্কায় উৎকণ্ঠা ছিল দেশজুড়ে।

ঢাকায় নিজের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে ফেলা এবং নয়া পল্টনে দলটির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর টানটান রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়।

সড়ক-মহাসড়কে গাড়ি এবং নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, বিভিন্ন স্থানে তল্লাশি ও ধরপাকড়ে জনদুর্ভোগ এবং গাড়ি পোড়ানো ও বোমাবাজিতে জনমনে শঙ্কা নিয়েই সোমবার দিন শুরু হয়।

ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার পর পুলিশি তৎপরতার মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তৎপরতা তেমন দেখা না গেলেও স্বাভাবিকের তুলনায় নীরব রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকার বাইরে দিনভর সংঘাতের মধ্যে বিকালে খালেদা জিয়া গুলশানে তার কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে বিফল হয়ে দেশজুড়ে লাগাতার অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন।

ঢাকায় কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ব্যাপক আকারে সংঘর্ষ হয় বিরোধী দল সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের।

এর মধ্যে নাটোরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা এবং যুবদলের এক কর্মী। বিএনপির দাবি, আওয়ামী লীগের ‘বিজয় উৎসবের’ মিছিল থেকে এই গুলি চালানো হয়।

নিহতরা হলেন রাকিব মুন্সি (২১) ও রায়হান আলী (২৩)। রাকিব নাটোর এনএস সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রায়হান সিংড়া পৌর শহরের গাইনপাড়া মহল্লার মিঠুন আলীর ছেলে।

নাটোর হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নিহত দুই যুবকের প্রত্যেকের বুকে একটি করে গুলি বিদ্ধ হয়। সদর থানার ওসি ফরিদুল ইসলাম মর্গে অবস্থানকালে সাংবাদিকদের বলেন, “খুব কাছে থেকে তাদের গুলি করা হয়েছে।”

Image
নিহত রাকিব মুন্সির স্বজনদের আহাজারি

নিহত রাকিব মুন্সির স্বজনদের আহাজারি

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নাটোরে হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে গুলি চালানোর কথা অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম দাবি করেছেন, “আওয়ামী লীগের আনন্দ মিছিল পণ্ড করার জন্য তারা নিজেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের তেবাড়িয়া মোড়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ওই পাশ দিয়ে যাওয়া আওয়ামী লীগের মিছিল থেকে গুলি হয় বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের দাবি।

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপি নেতাকর্মীদের। এতে গুলিতে এক ব্যক্তি নিহত এবং পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

নিহত আব্দুল মজিদ (৪৫) চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের খয়মুদ্দিনের ছেলে। বানেশ্বর বাজারে তার দোকান রয়েছে। তাকে নিজেদের কর্মী দাবি করে মঙ্গলবার রাজশাহী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

তবে স্থানীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা দাবি করেছেন, ব্যবসায়ী মজিদ সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বলেন, বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বানেশ্বর বাজারে চলা সংঘর্ষের সময় দোকান বন্ধ করে দ্রুত পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মজিদ।

বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা বানেশ্বর ট্রাফিক মোড়ে সমাবেশ করছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা বানেশ্বর বাজার থেকে কালো পতাকা মিছিল বের করে ট্রাফিক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপরই সংঘর্ষ বেঁধে যায়।

মজিদকে গুলির জন্য বিএনপি দায়ী করেছে পুলিশকে। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ দাবি করেছেন, পুলিশকে লক্ষ্য করে চালানো বিএনপিকর্মীদের গুলিতে প্রাণ হারান মজিদ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ১৪৪ ধারা উপেক্ষা করেই ২০ দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হন।

নিহত জমশেদ আলী (৪০) শিবনারায়ণপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। তাকে নিজেদের কর্মী দাবি করে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বিকালে গোপালনগর মোড়ে এই সংঘর্ষে এক পুলিশ ও এক বিজিবি সদস্যসহ আরও অন্তত নয়জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগরীতে অনুমতি নিয়েই সমাবেশ করছিল ২০ দলীয় জোট। সমাবেশের এক পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এরপর পুলিশের সঙ্গে বিরোধীকর্মীদের ব্যাপক সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ।

সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আসলাম চৌধুরীসহ আড়াইশ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামে হরতাল ডেকেছে বিএনপি

ভোলায় বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। শহরের বাংলা স্কুল মোড়ে সকালে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে মিছিলকারীরা।

নারায়ণগঞ্জের তিনটি স্থানে আলাদা ঘটনায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনসহ পাঁচজন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ২০ জন। সংঘর্ষে শহরের আদালত সড়ক থেকে শাপলা চত্বর বাজার এলাকা পুরোটাই রণক্ষেত্রে রূপ নেয়। বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভাংচুর হয়। এক সাংবাদিকের মোটর সাইকেলও ভাংচুর হয়।

নোয়াখালীর মাইজদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির অন্তত পাঁচ কর্মী আহত হন। বিভিন্ন স্থান থেকে বিএনপির ২৫ কর্মীসহ ৪৫ জনকে আটক করে পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

সুনামগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে সদর থানার ওসি, সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

 

সিরাজগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আহত হন ১০ জন।

পাবনায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবায় বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের দিনব্যাপী বিক্ষিপ্ত সংঘর্ষ চলে। এতে অন্তত ৫০ জন আহত হন।

ঝিনাইদহের শৈলকূপায় বিএনপিকর্মীদের সঙ্গে দুই দফা সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হন। বিএনপি আওয়ামী লীগ ধাওয়া-পাল্টা ধাওয়া হয় পিরোজপুরে।

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় সকালে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হন।

সিলেটে মদিনা মার্কেট এলাকায় শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ১০জন আহত হয়েছেন। শিবির নেতাকর্মীরা এসময় অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করে।

হবিগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। বান্দরবানে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে গোয়েন্দা পুলিশের দুই সদস্যসহ অন্তত ১৪ জন আহত হন।

বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিলে হামলা করে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। এতে ৬-৭ জন আইনজীবী আহত হন।