নির্বাচনের বর্ষপূর্তিতে জেলায় জেলায় সংঘাত
সরকারের বর্ষপূর্তিতে প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও শিবির কর্মীদের সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ঘটেছে।
এর মধ্যে সোমবার সকালে নাটোরে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গুলিতে নিহত হয়েছেন দুই বিএনপিকর্মী। এর প্রতিবাদে মঙ্গলবার সেখানে হরতাল ডেকেছে জেলা বিএনপি।
এছাড়া সারাদেশে সংঘর্ষে পুলিশসহ বিএনপি, আওয়ামী লীগ ও ছাত্র শিবিরের কয়েকশ নেতাকর্মী আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে অন্তত অর্ধশতাধিক।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর
নাটোরের তেবাড়িয়ায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দুই কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরের দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক আমিনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় হরতাল পালন করবে বিএনপি।
স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য বিএনপিকর্মীরা সকালে তেবাড়িয়া মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল যুবক মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।
এতে রানা ও রাকিব নামে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন।
নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আবুল কালাম আজাদ তাদের মৃত ঘোষণা করেন বলে জেলার পুলিশ সুপার বাসুদেব বণিক জানান।
জেলা বিএনপি নেতা আমিনুল বলেন, “নিহত দুজনই আমাদের কর্মী। আওয়ামী লীগের কর্মীরা তাদের গুলি করে হত্যা করেছে।”
কক্সবাজার
সকাল সাড়ে ১০টায় কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম খন্দকার জানিয়েছেন , এ ঘটনায় কক্সবাজার সদর থানার পুলিশ কনস্টেবল আসাদ (নং ৯৯৫) আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে শিবিরের ৩ জন কর্মী সমর্থককে আটক করে পুলিশ।
এদিকে কক্সবাজারে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপির ৬২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতার আশংকা ও মিছিলের চেষ্টার অভিযোগে কক্সবাজার জেলার ৮ উপজেলা থেকে এদের আটক করা হয়েছে বলে জনিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
ভোলা
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি টিয়ারসেল ও ৪৩টি শট গানের গুলি ছোড়ে।
পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সংঘর্ষের স্থান থেকে তিন জনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে শহরের বাংলা স্কুল মোড়ে সকালে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে মিছিলকারীরা। এ সময় কয়েকটি দোকানও ভাংচুর করা হয় ।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের তিনটি স্থানে আলাদা ঘটনায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনসহ পাঁচজন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে শহরের মিশনপাড়া, বন্দর উপজেলার নবীগঞ্জ এবং সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় এসব সংঘর্ষ হয় বলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বেলা ১১টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ ২০/২৫টি ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে। সকাল থেকে শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় এ দুই সংগঠনের নেতাকর্মীদের সমাবেশ করতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় সাবেক সাংসদ আবুল কালামের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
সংঘর্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন জামিল হোসেন উল্লাস গুলিবিদ্ধ হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।
গুলিবিদ্ধ উল্লাসকে নগরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৫০টির মত গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা পুলিশের ব্যবহার করা একটি টেম্পো আগুন পুড়িয়ে দেয়।”
এছাড়া সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছেন তারা।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বিএনপি- ছাত্রলীগ সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ২০ জন।
সকাল ১০টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।
সেটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সমাবেশ শুরুর কিছুক্ষণ পর জেলা বিএনপির নেতাকর্মীরা ভাঙ্গাব্রিজ এলাকা থেকে কালো পতাকা মিছিল করে উন্নয়ন বোর্ড সড়কে এসে পুলিশি বাধার মুখে পড়ে।
"এ সময় বিএনপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ছাত্রলীগের সমাবেশের দিকে এগোতে চাইলে ত্রিমুখী সংঘর্ষ বাধে । সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়লে শহরের আদালত সড়ক থেকে শাফলা চত্বর বাজার এলাকা পুরোটাই রণক্ষেত্রে পরিনত হয়," বলেন ওসি মিজান।
তিনি জানান, এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভাংচুর হয় । দুই পক্ষের সংঘর্ষে এক সাংবাদিকের মোটরসাইকেলও ভাংচুর করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছে । আওয়ামী লীগ আমাদের কর্মসূচিতে হামলা করেছে।"
তিনি জানান, প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে।
নোয়াখালী
নোয়াখালীর মাইজদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিএনপি কর্মীরা কালো পতাকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিএনপির অন্তত পাঁচ কর্মী আহত হন।
এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২৫ কর্মী সহ ৪৫ জনকে আটক করে পুলিশ।
এদিকে সোনাইমুড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি ভঙ্গ করে বিএনপি কর্মীরা মিছিল বের করলে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
চাঁদপুর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, সকালে ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি এলাকায় বিএনপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে।
একই সময়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগ কর্মীরা মিছিল বের করে। বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মিছিলটি মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্জ ও শটগানের গুলি ছুড়ে।
পুলিশ সুপার জাফর জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দুই দফা সংঘর্ষে সদর থানার ওসি, সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
দুপুর ১২টায় শহরের থানা ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই চৌধুরী জানিয়েছে।
তিনি জানান, দুপুরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শহরের পুরাতন কোর্ট এলাকায় যাওয়ার পথে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মিছিলের মুখোমুখি পড়লে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।
পুলিশ কর্মকর্তা আব্দুল হাই জানান, সংঘর্ষের সময় সদর থানার ওসি মোল্লা মকবুল হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুনামগঞ্জ প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফরহাদসহ ১০ জন আহত হন।
সংঘর্ষের পর শহরের বকপয়েন্ট এলাকায় দুটি অটোরিকশা ভাংচুর করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
এদিকে এর কিছুক্ষণ পর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয়দফা সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্র ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে।
জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস অভিযোগ করে বলেন, "সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের ইবি সড়কের বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কালো পতাকা হাতে জমায়েত হয়ে মিছিল বের করার চেষ্টা করে।
"এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে টিয়ারসেলের আঘাতে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হন।"
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, সকালে উপজেলার বড়হর ইউনিয়নের ভূতগাছা এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি টি এম আমিনুল ইসলাম বলেন, "বিএনপির কর্মসূচির কারণে সকাল থেকেই মহাসড়কে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহনের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
পাবনা
পাবনায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
পাবনা সদর থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহরে প্রবেশ করে।
শহরের ইন্দিরা মোড়ে পৌছে এলোপাতাড়িভাবে ভাংচুর করতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের বাক-বিতণ্ডার সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ তাদের ধাওয়া করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।"
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবায় বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের দিনব্যাপী বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে।
সকাল সাড়ে ১১টায় ছাত্রদল শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়, যাতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে ছাত্রদলের নেতাকার্মীরা কান্দিপাড়া মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ করে। পুলিশ লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এদিকে কসবায় বিএনপি-পুলিশ সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশ ওই মামলার আসামিসহ মোট ২৬ জনকে আটক করেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে দক্ষিণ তেমুহনী এলাকায় যাওয়ার পর পুলিশের লাঠি চার্জে তা ছত্রভঙ্গ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকের এ ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, শহরের দলীয় কার্যালয় থেকে ৫ জানুয়ারীকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে শহরের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
এ সময় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী এলাকায় যাওয়ার পর সমাবেশ শুরু হয়।
এ সময় লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা বিএনপি কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় মাঠ দখলে নেয় পুলিশ।
ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিএনপি কর্মীদের সঙ্গে দুই দফা সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিএনপি মিছিল করে শেখপাড়া বাজারে আসার পর পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, বিএনপি কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে বিএনপি কর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে।
“তখন পুলিশ শটগানের গুলি ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিএনপি নেতা কর্মীরা চলে যায়।”
ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ছগির জানিয়েছেন।
এর আগে সকাল ৭টার দিকে শৈলকূপার গাড়াগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা একটি কালোপতাকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
ওই ঘটনায় দুইজনকে আটক করা হয় বলে ওসি ছগির জানিয়েছেন।
এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানিয়েছেন।
পিরোজপুর
পিরোজপুরে বেলা দেড়টার দিকে জেলা বিএনপি বাজার ব্রীজের কাছে পথসভা শেষে কালো পতাকা নিয়ে শহরে বের হওয়ার চেষ্টা চালায়।
এসময় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি চলছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, এক পর্যায়ে জেলা ছাত্রলীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও হট্টগোল বেধে যায়।
এ সময় ছাত্রলীগের কর্মীরা বিএনপিকে ধাওয়া করে এবং লাঠিসোটা নিয়ে শহরে মহড়া ও দোকানপাটের ওপর হামলা চালায়।
দুই পক্ষের মধ্যে হামলার সময় সময় টেলিভিশনের সাংবাদিক জিয়াউল আহসান আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৯ রাউন্ড ফাকা গুলি ও ১২ রাউন্ড কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ জানান ।
রাঙামাটি
শহরের কলেজ গেইট এলাকায় সকালে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সকালে বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের কলেজ গেইট এলাকায় বিক্ষোভ-মিছিল শেষে সমাবেশ করে।
এসময় পুলিশ সমাবেশে বাধা দিলে তা উপেক্ষা করে সমাবেশ করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা যোগ দিলে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পুলিশের গুলিতে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, তৃণমুল দলের সভাপতি জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুজনসহ কমপক্ষে ১২জন নেতাকর্মী আহত হন।
এসময় রাঙামাটি-চট্টগ্রাম রুটে যানবাহন চলাচর বন্ধ হয়ে যায়।
সিলেট
সিলেটে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ঝটিকা মিছিল-সমাবেশ করেছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা।
পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে সমবেত হয়েছে আওয়ামী লীগও।
মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রশিবির। ভাংচুর করা হয়েছে কিছু যানবাহন।
সোমবার জোহরের নামাজের পর মদিনা মার্কেট এলাকায় শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ১০জন আহত হয়েছেন। শিবির নেতাকর্মীরা এসময় অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করে।
শিবির নেতাকর্মীরা ওই সময় একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও অন্তত ১০টি অটোরিকশা ভাংচুর করে।
সকাল ১১ টার দিকে নগরীর কাজিটুলায় ঝটিকা মিছিল করে ছাত্রশিবির। এসময় তারা একটি লেগুনা ভাংচুর করে।
বেলা সোয়া দুইটায় নগরীর সোবহানীঘাট এলাকায় থেকে মিছিল করে জেলা বিএনপি। এর আগে বেলা দুইটায় টিবিগেইট এলাকায় কালো পতাকা মিছিল করে ছাত্রদল।
সকাল ১০ টায় বন্দর বাজার এলাকায় মিছিল করে স্বেচ্ছাসেবক দল।
বেলা আড়াইটায় বারুতখানা এলাকায় মিছিল বের করতে চাইলে সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজকে আটক করে পুলিশ।
এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার এলাকায় বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের গিলাছড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান চৌধুরী সহ পাঁচ জামায়াতকর্মীকে আটক করা হয়েছে।
হবিগঞ্জ
হবিগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে পৃথক দুটি কালো পতাকা মিছিল বের করে।
এ সময় পুলিশ বাধা মিছিলে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে এনামুল হক সেলিমসহ ১০ জন আহত হন।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বান্দরবান
বান্দরবানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে গোয়েন্দা পুলিশের দুই সদস্যসহ অন্তত ১৪ জন আহত হন।
সোমবার বেলা ১২টার দিকে শহরে এক নম্বর গলির জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দুই ডিবি পুলিশের সদস্য খায়রুল আলম,নুরুল ইসলাম মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান, কর্মী অধীর সেন, আবুল বশর, বিএনপির কর্মী হারিছ সিদ্দিক, নাছির উদ্দিন, ওসমান, ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রশিদসহ দুই পক্ষের অন্তত ১৪ নেতা-কর্মী আহত হন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় জেলা বিএনপির কার্যালয় ও এক নম্বর গলিতে ১৫টি দোকানে ভাঙচুর চালায়।
এ ঘটনায় পৌর মেয়র মো. জাবেদ রেজাসহ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
বান্দরবান থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির কর্মী নুরুল আবছার ও ছাত্র দলের নেতা রাশেদুল ইসলামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পৌর মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বগুড়া
বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিলে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা।
দুপুর আড়াইটায় শহরের সাতমাথায় জিলা স্কুলের সামনে এই হামলার ঘটনায় ৬-৭ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে সাবেক সংসদ সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে জেলা জজ আদালত থেকে জাতীয়তাবাদী আইনজীবীদের একটি কালো পতাকা মিছিল বের হয়।
মিছিলটি সার্কিট হাউসের সামনে দিয়ে সাতমাথার দিকে যাওয়ার পথে জিলাস্কুলের সামনে পৌঁছানো মাত্র আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থানরত যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়।
হামলায় হাফিজুর রহমান, বগুড়া জেলা বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আতাউর রহমান মুক্তা, আইনজীবী আবু তাহের জয়সহ ৭-৮জন আহত হন। পুলিশের হস্তক্ষেপে আইনজীবীরা এলাকা ত্যাগ করেন।
পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাদের মিছিলে হামলার প্রতিবাদে আদালত চত্বরে সমাবেশ করে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মঞ্জুরুল হক ভুঞা জানান, “আইনজীবীদেরকে মিছিল নিয়ে সাতমাথার দিকে না আসার অনুরোধ করার পরেও তারা মিছিল নিয়ে এগিয়ে আসার কারণে এই ঘটনা ঘটে।”
