চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে নিহত ১, মঙ্গলবার হরতাল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সোমবার ১৪৪ ধারার মধ্যে মিছিলের চেষ্টা করায় পুলিশের সঙ্গে ২০ দলের সমর্থকদের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
পুলিশ জানায়, বিকালে গোপালনগর মোড়ে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে জমশেদ আলী (৪০)।
সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ সংঘর্ষে এক পুলিশ ও এক বিজিবি সদস্যসহ আরও অন্তত নয় জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
জেলা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া নিহত জামশেদ আলীকে বিএনপিকর্মী দাবি করে বলেন, আগামীকাল (মঙ্গলবার) জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, কানসাটের গোপালনগর মোড়ে বিকাল ৩টার দিকে ২০ দলীয় নেতাকর্মীরা জমায়েত হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করেন।
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটান।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ওই সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও গুলি চালালে সংঘর্ষ শুরু হয়।
পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে এক পুলিশ ও এক বিজিবি সদস্যসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর মধ্যে গুলিবিদ্ধ এক জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ওসি জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
