দিনাজপুরে বিএনপি ও জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগ ও বিএনপির মিছিলে সংঘর্ষের পর একদল লোক সেতাবগঞ্জ পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই সময়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে কালো পতাকা মিছিল বের করেন।
মিছিল দুটি চৌরাস্তা মোড়ে মুখোমুখি হয়ে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে একদল লোক সেতাবগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে জামায়াতের কার্যালয়ও ভাংচুর করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পৌর বিএনপি অফিসে আগুন দেয় এবং জামায়াত অফিস ভাংচুর করে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি প্রথমে হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে।
এদিকে বেলা সাড়ে ৩টায় দিনাজপুর শহরে জেল রোডে বিএনপি কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষুদ্ধ কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেদোয়ান আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি এখন স¤পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
