ইবনে সিনার সামনে বোমা বিস্ফোরণ, পরে ভাঙচুর
৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের সংঘর্ষের মধ্যে জিগাতলায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে হাতবোমা বিস্ফারণ ও প্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনায় ওই ডায়াগনস্টিক সেন্টারের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পাশে এবং বিজিবি সদর দপ্তরের ৪ নম্বর গেইটের সামনের লেকঘেঁষে আওয়ামী লীগ সমর্থকরা অবস্থান করছিল। সন্ধ্যার সময় তাদের পাশে একাধিক হাতবোমা বিস্ফোরিত হলে ওই জমায়েত থেকে ভাঙচুর করা হয়।
মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে লেকের পাড়ে একটি অনুষ্ঠানে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়। এসময় এক মহিলাসহ দুজন আহত হন। বিস্ফোরণের পরপরই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
“অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের ধারণা, ওই ডায়াগনস্টিক সেন্টার থেকেই হাতবোমা ছোড়া হয়েছে। তাই তারা বিক্ষুব্ধ হয়ে সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।”
পুলিশ কর্মকর্তা রেজাউল জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ১০ কর্মীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
“কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়াগনস্টিক সেন্টারের অভ্যর্থনা কক্ষসহ ভবনটির বিভিন্ন দরজা-জানালার কাঁচ এবং সামনে রাখা অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে।
