গুলশানের বৈঠকে কারা ছিল ‘খতিয়ে দেখছে’ সরকার
খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে সরকার খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
ওই ঘটনার তদন্ত করা হবে বলে এর আগে প্রতিমন্ত্রী জানালেও এখনো কোনো কমিটি হয়নি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তার বৈঠকের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিএনপি।
তবে সরকার বলছে, বিষয়টি হালকাভাবে নেওয়া হবে না। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সচিবালয়ে ইসমাত আরা সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি হয়নি। তবে কমিটি গঠনের আগে যেসব প্রাথমিক কাজ করা প্রয়োজন তা করা হচ্ছে।
“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের আচরণ কাম্য নয়। তারা শৃঙ্খলা ভাঙতে পারেন না। তাই সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।”
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কোন কোন সরকারি কর্মকর্তা অংশ নিয়েছিলেন এবং ঘটনাটি ‘কতটুকু সত্য’ তাও যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানান ইসমাত আরা।
তিনি বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীরা এভাবে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতে এবং যোগাযোগ করতে পারেন না। রাজনৈতিকভাবে সম্পৃক্তও হতে পারেন না।”
গত শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আইন তার আপন গতিতে চলবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রামণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
