২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি গ্রেপ্তার না করতে অনুরোধ সংসদ কমিটির!

মামলার আসামি সংসদ ভবনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার না করতে পুলিশকে অনুরোধ জানিয়েছে সংসদ কমিটি, আইনসভার যে কমিটির দায়িত্ব সংসদ সদস্যদের আবাসনসহ অন্যান্য সুবিধা দেখভাল করা।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 10:08 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

মামলায় পুলিশের তদন্তের মধ্যেই গত ১৮ অগাস্ট কমিটির এক বৈঠকে সংসদ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ‘পলাতক’ সুজিত কুমার দেবকে গ্রেপ্তার না করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

সংসদ ভবনের এমপি হোস্টেল থেকে গত ১২ অগাস্ট ভুয়া সামরিক কর্মকর্তা গ্রেপ্তার সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ছয় আসামির মধ্যে সুজিত ষষ্ঠজন।

সংসদ কমিটির বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, প্রধান হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে ওই সভায় সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি সুজিতকে হয়রানি না করতে পুলিশকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত কোনো সিদ্ধান্তের ক্ষমতা সংসদ কমিটির নেই।

এই বিষয়ে কথা বলতে সংসদ কমিটির সভাপতি ফিরোজের মোবাইলে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অন্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

কার্যবিবরণীতে দেখা যায়- ফিরোজ বলেন, “সুজিত কুমার দেবকে আসামি করায় সংসদ সচিবালয় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সার্জেন্ট অ্যাট আমর্স (সংসদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা) বলেছেন, ঘটনার পর সুজিত ঘটনাস্থলে আসেন।

“অথচ এফআইআর-এ উল্লেখ আছে সুজিত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ধরনের অসঙ্গতিমূলক বক্তব্য হতে সুজিতকে মামলায় জড়ানো উদ্দেশ্যমূলক বলে মনে হয়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টির সম্ভাবনা থাকে।”

বৈঠকে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সুজিতকে পুলিশি হয়রানি বা গ্রেপ্তার না করার জন্য শেরেবাংলা নগর থানাকে অনুরোধ করা হয়।

কমিটির সব সদস্য এ বিষয়ে একমত পোষণ করেছেন বলেও কার্যবিবরণীতে উল্লেখ আছে।

১২ অগাস্ট নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবীরুল হক মুক্তির কক্ষ থেকে মেজর ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয়দানকারী মাহমুদুল হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন মাহমুদ রিপন (৪২) ও মো. ইউসুফ আলী (৩২)।

মাহমুদুল ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে পুলিশ জানায়। তার কাছ থেকে জাতীয় সংসদ স্ট্যান্ডিং কমিটির উপ-সচিব নামাঙ্কিত কয়েকটি ভিজিটিং কার্ডও পাওয়া যায়।

তাদের ব্যবহৃত জাতীয় পতাকাবাহী গাড়ি ও জাতীয় সংসদের জলছাপযুক্ত ভিজিটিং কার্ডও জব্দ করেন সংসদের নিরাপত্তাকর্মীরা।

ওই ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগ এনে যে মামলা হয়, তাতে সুজিতসহ সংসদ ভবনের আরো দুই কর্মচারীকেও আসামি করা হয়।

সুজিত, তত্ত্বাবধায়ক সালাউদ্দিন মো. আমিন ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইদ্রিস আলী সেদিন পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।

গ্রেপ্তার তিনজনকে ইতোমধ্যে আদালতের অনুমতি নিয়ে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তদন্তাধীন বিষয়ে সংসদ কমিটির এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি না হয়ে প্রধান হুইপের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

প্রধান হুইপ ফিরোজের ফোন বন্ধ পাওয়ার পর সংসদ কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

সংসদ কমিটির ওই বৈঠকে থাকা খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনা হয়েছিল। তবে সংসদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আলাদা লোক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেন।”

সংসদ কমিটির কোনো অনুরোধ এসেছে কি না- জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল মোমেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে এখনো তা আসেনি।

এমপি হোস্টেল থেকে গ্রেপ্তার ভুয়া মেজর রিমান্ডে

এমপি মুক্তির কক্ষে ভুয়া মেজর