এমপি হোস্টেল থেকে গ্রেপ্তার ভুয়া মেজর রিমান্ডে
ভুয়া সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে এমপি হোস্টেলে অবস্থানের সময় গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মাহমুদুল হাসান ওরফে মনির হোসেন (৪২) নামে ওই ভুয়া মেজরের সঙ্গে গ্রেপ্তার হাসান মাহমুদ রিপন (৪২) ও মো. ইউসুফ আলীকেও (৩২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বুধবার তিনজনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শামসুল আরেফীন তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
আগের দিন সন্ধ্যায় এমপি হোস্টেলে নড়াইল-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শেখ কবিরুল হক মুক্তির কক্ষ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জাতীয় সংসদের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দানকারী মেজর মাহমুদুল হাসান, জাতীয় সংসদ স্ট্যান্ডিং কমিটির উপ-সচিব এ এম এম হাসানের নামাঙ্কিত কয়েকটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
তাদের ব্যবহৃত জাতীয় পতাকাবাহী গাড়ি ও জাতীয় সংসদের জলছাপযুক্ত ভিজিটিং কার্ডও জব্দ করেন সংসদের নিরাপত্তাকর্মীরা।
তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. ইদ্রিস আলী মোল্লা বলেন, “ওই সময় জাতীয় সংসদের ৪ নম্বর ব্লকের দুই তলার ১০০ নম্বরের সংরক্ষিত কক্ষে অবৈধভাবে অবস্থান করে কোনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকা অবস্থায় আসামিদের গ্রেপ্তার করা হয়।”
মামলায় আরো বলা হয়, ১ নম্বর আসামি মাহমুদুল হাসান ওরফে মনির হোসেন কখনো নিজেকে সেনাবাহিনীর মেজর, আবার কখনো সংসদ ভবনের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে অন্য আসামিদের যোগসাজশে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।
তাদের গ্রেপ্তারের সময় ওই কক্ষ থেকে সুজিত কুমার দে নামের জাতীয় সংসদের একজন প্রশাসনিক কর্মকর্তা, সালাউদ্দিন মো. আমিন নামের একজন কেয়ার টেকার ও ইদ্রিস আলী নামের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী পরিচয়দানকারী ব্যক্তি পালিয়ে যান বলে পুলিশ জানায়।
মামলায় এই ছয়জনকেই আসামি করা হয়েছে।
বুধবার বিকালে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে চান মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মক্কেলদের জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি নিয়ে আসামিপক্ষের দুই আবেদনই নাকচ করে তাদের দুই দিনের হেফাজতে নেয়ার অনুমতি দেন মহানগর হাকিম।
শুনানিতে আদালতে আসামিদের আইনজীবী বলেন, গাড়িটি ছিল একজন সাংসদের। তারা ওই সাংসদের নিরাপত্তায় কর্মরত ছিলেন।
বিচারক কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের ওই সংসদ; সদস্যের নাম জানতে চাইলে তারা নিরুত্তর থাকেন।
