২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি মুক্তির কক্ষে ভুয়া মেজর

এমপি হোস্টেলে নড়াইল-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য শেখ কবিরুল হক মুক্তির কক্ষ থেকে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 11:45 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

গ্রেপ্তার মাহমুদুল হাসান নিজেকে জাতীয় সংসদের গোয়েন্দা কর্মকর্তা বলে নিজের পরিচয় দিতেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস আশরাফুল হক।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মুক্তির কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আওয়ামী লীগের এই সংসদ সদস্য ওই কক্ষে ছিলেন না।

আশরাফুল হক বলেন, “মাহমুদুল হাসান মেজর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তদবির করতেন। কখনো কখনো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার বলেও পরিচয় দিতেন। তার গাড়িতে জাতীয় পতাকা ও জাতীয় সংসদের মনোগ্রাম লাগানো ছিল।”

তিনি বলেন, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণাকারী মাহমুদুল প্রায়ই এমপি কবিরুল হকের কক্ষে বসতেন বলে তাদের কাছে খবর ছিল।

“গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাহমুদুল জানিয়েছে, সংসদের তত্ত্বাবধায়ক সালাহউদ্দিনের কাছ থেকে চাবি নিয়ে তিনি ওই কক্ষে বসতেন।”

এরপর সালাহউদ্দিনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আশরাফুল হক জানিয়েছেন।

মাহমুদুল হককে শেরেবাংলা নগর থানায় তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।