২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় চাইলেন যোগাযোগমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ পুরোপুরি লাঘবের জন্য আরো কয়েকমাস সময় চাইলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 05:14 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

তবে ঈদের সময় যাত্রীদের চলাচলের জন্য যে কোনো মূল্যে মহাসড়ক ব্যবহার উপযোগী রাখার নির্দেশ দেন মন্ত্রী।

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে জনগণের কাছে সময় চাওয়ার পাশাপাশি এ নির্দেশনা দেন তিনি।

রাস্তা মেরামত না হলে গাড়ি চালানো বন্ধের হুমকি চট্টগ্রামের পরিবহন মালিকরা দেয়ার কয়েকদিনের মধ্যে মন্ত্রী ওই ক্ষতিগ্রস্ত মহাসড়ক দেখতে যান।

ওবায়দুল কাদের বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম অংশ ভোগান্তির আসল জায়গা। এ মহাসড়ক প্রশস্থকরণ অনেক ‘ডিফিকাল্ট’ ছিল। এখানে অনেক মসজিদ, মন্দির, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। এসব সমস্যা সমাধান করে এ মহাসড়কের কাজ চলছে।

আগামী পাঁচ থেকে সাত মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “একাজ শেষ হলে জনগণ সুফল পাবে। তখন দুর্ভোগের কথা আর কেউ মনে রাখবে না।”

কাজ প্রসঙ্গে তিনি বলেন, চীনা প্রতিষ্ঠানকে সাতটি প্যাকেজে কাজ দেয়া হয়েছিল।

“মাঝে মাঝে তারা কাজ স্লো করে দেয়। এছাড়া চুক্তিতে থাকার পরও তারা এক্সিস্টিং রোডের কাজ করতে চায় না। তাই বিকল্প কন্ট্রাকটর দিয়ে আমরা এ কাজ করাচ্ছি।”

এসময় ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণের আগে ও পরের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, “সেতু, ফ্লাইওভার, সড়ক নির্মাণের সময় জনগণের দুর্ভোগ হয়। তবে কাজ পুরোপুরি হয়ে গেলে আর দুর্ভোগ থাকে না। তখন জনগণ সুফল পায়।”

মন্ত্রী হিসেবে মহাসড়কে দুর্ভোগের দায় এড়াতে পারেন না মন্তব্য করে তিনি বলেন, “বিভিন্নভাবে দুর্ভোগের খবর জেনে ও পড়ে আমি পরিদর্শনে এসেছি।”

আগামী ২০ জুলাইয়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ময়মনসিংহ-জয়দেবপুর মহাসড়কসহ সারাদেশের সাড়ে ২১ হাজার কিলোমিটার মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানান তিনি।

“বর্ষাকালে বৃষ্টি অনিবার্য। ভারী হোক, আর হাল্কা হোক বৃষ্টি হবেই। বৃষ্টিকে ভিলেন বানিয়ে কোনো অজুহাত আমি শুনব না।”

দায়িত্বপালনে গাফিলতি থাকলে প্রকৌশলী কিংবা ঠিকাদার হোক, কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

পাশাপাশি ঈদের আগে মহাসড়ক নিয়ে গণমাধ্যমকে ‘আতঙ্ক’ না ছড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “তখন মানুষ সড়ক পথ ব্যবহার না করে ট্রেনে চাপ সৃষ্টি করবে।

“রেললাইনগুলো অনেক পুরানো। এ চাপ সহ্য করার অবস্থা আমাদের রেল লাইনগুলোর নেই। তাই সড়ক পথ ও রেলপথ দুই পথেই সামলাতে হবে।”

ঈদের তিন দিন আগে ও দুই দিন পর পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করবে না বলেও মন্ত্রী জানান।

মহাসড়কের চাপ কমাতে ভারী যানবাহন না চালাতে পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে অনুরোধ করেন মন্ত্রী। এছাড়া বন্দর থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করতে না দেয়ার জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

পুরনো খবর:

বেহাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি না চালানোর হুমকি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেহাল
২০ জুলাইয়ের মধ্যে সড়ক মেরামতের নির্দেশ