২০ জুলাইয়ের মধ্যে সড়ক মেরামতের নির্দেশ
ঈদের আগে ঘরমুখো মানুষের ঝঞ্ঝাট এড়াতে ২০ জুলাইয়ের মধ্যে সড়ক-মহাসড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ভগ্ন মহাসড়কে যান চলাচল বন্ধ রাখার চট্টগ্রামের পরিবহন মালিকদের হুমকির মধ্যে শনিবার নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, “আগামী ২০ জুলাইয়ের মধ্যে সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত গ্রহণ করা হবে না।”
এ সময়ের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কেউ দায়িত্বে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
“কোনো ঠিকাদারের গাফিলতি পাওয়া গেলে, তার কাজের কার্যাদেশও বাতিল করা হবে।”
মন্ত্রী বলেন, দেশের সড়ক-মহাসড়ক পরিদর্শেনের জন্য মন্ত্রী-সচিবের সমন্বয়ে তিনটি দল পরিদর্শনে বের হয়েছে।
২০১৭ ও ১৮ সালের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ‘বৈপ্লবিক পরিবর্তনের’ ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, “তখন মানুষ স্বস্তিতে সড়ক-মহাসড়কে চলাচল করতে পারবে।”
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিত্র। সম্প্রতি তোলা ছবি।
তার সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ, নির্বাহী প্রকৌশলীসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কমকর্তারা।
ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণা সম্পর্কে আওয়ামী লীগ নেতা কাদের রসিকতা করে বলেন, “শুনেছি বিএনপি ঈদের পর আন্দোলনের ডাক দিয়েছে। সেটা কোন ঈদের পর- রোজার ঈদ, কোরবানির ঈদ? না কি আগামী বছরের ঈদ?”
