২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমকে গুলির পেছনে ‘ব্যবসায়িক অংশীদার’

ব্যবসায়িক বিরোধ থেকে আওয়ামী লীগ নেতা একেএম এনামুল হক শামীমকে হত্যার পরিকল্পনা হয়েছিল বলে জানতে পেরেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 04:38 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

আওয়ামী লীগ নেতা শামীমকে গুলি
শামীমকে গুলি: সন্ত্রস্ত আওয়ামী লীগ নেতারা
শামীমকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪

শামীমকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার চারজনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাবের মুখপাত্র এ টি এম হাবিবুর রহমান একথা জানান।

শামীমের ওপর হামলার পরিকল্পনায় আওয়ামী লীগেরই বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা জড়িত বলে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেছেন।  

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শামীম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম পরিচালক। এছাড়া বিভিন্ন ব্যবসা রয়েছে তার। 

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম গত ১৯ জুন ধানমণ্ডিতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। মোটর সাইকেল আরোহী তিনজন গাড়িতে থাকা শামীমকে লক্ষ্য করে গুলি চালালে তার বাঁ হাতে গুলি লাগে।

র‌্যাব জানিয়েছে, এই হামলায় জড়িত থাকার অভিযোগে প্রথমে মো. মনির হোসেন নামে একজনকে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জ থেকে মো. হারুন, রাজধানীর তেজতুরী বাজার বস্তি থেকে মো. মেহেদী হাসান ও নজরুল ইসলাম জুয়েল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে মনির ও জুয়েল হামলা পরিকল্পনায় জড়িত এবং টাকার বিনিময়ে হারুন ও মেহেদী সরাসরি গুলিবর্ষণে জড়িত বলে র‌্যাবের দাবি।

মনির কারওয়ান বাজারের চিহ্নিত সন্ত্রাসী আশিকের সহযোগী এবং ফারুক হত্যা মামলার অন্যতম আসামি। মেহেদী ২০০৬ সালের তেজকুনিপাড়ার রফিক হত্যা মামলার অন্যতম আসামি।

সোমবার রাতে চারজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার র‌্যাব সদর দপ্তরে তাদের নিয়ে সংবাদ সম্মেলন করে হামলার বিস্তারিত তুলে ধরে র‌্যাব।

Image
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান

র‌্যাবের মুখপাত্র হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “ব্যবসায়িক বিরোধের জের ধরে এনামুল হক শামীমকে গুলি করার পরিকল্পনা করেন তারই একজন ব্যবসায়িক অংশীদার।”

‘কৌশলগত’ কারণে ওই অংশীদারের নাম প্রকাশ করা যাচ্ছে না- শুরুতে একথা বললেও কিছুক্ষণ পর ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুখ ফসকে সেই ব্যবসায়ীক অংশীদারের নাম উচ্চারণ করে ফেলেন তিনি।

ওই ব্যবসায়ীর নাম ‘জসিম’ বলে জানিয়ে ফেললেও তার বিষয়ে আর মুখ খোলেননি লেফটেন্যান্ট কমান্ডার হাবিব।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “শামীমকে হত্যার জন্য ১ লাখ টাকা খরচ করার পরিকল্পনা করেন জসিম। খুনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দায়িত্ব দেয়া হয় মনিরকে।

“মনির ভাড়াটে অপরাধী ঠিক করা, কারা-কিভাবে-কোথায় শামীমকে গুলি করবে, তা ঠিক করার দায়িত্ব দেয় জুয়েলকে।”

র‌্যাব মুখপাত্র বলেন, শামীমকে গুলি করতে তেজগাঁওয়ের অস্ত্র ব্যবসায়ী সাঈদের কাছ থেকে মোটর সাইকেল ও দুটি পিস্তল ভাড়া করা হয়। খুনের জন্য ঠিক করা হয় পেশাদার ‘কিলার’ হারুন ও মেহেদীকে। 

পরিকল্পনা অনুয়ায়ী ঘটনার দুদিন আগে ১৭ জুন শামীমকে হত্যার প্রথম চেষ্টা চালানো হয়েছিল বলে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে।

হাবিবুর রহমান বলেন, সেদিন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে শামীমকে হত্যার উদ্দেশ্যে এক রাউন্ড গুলি করে মেহেদী। তবে পিস্তল ফেঁসে যাওয়ায় সেখান থেকে গুলি বের হয়নি। এতে প্রাণে বেঁচে যান শামীম।

শামীমের ওপর গুলি চালানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন মেহেদী। হামলার সময় মোটর সাইকেলচালকের নাম রানা বলে জানান তিনি।

মেহেদী বলেন, “রানা ভাই আমাকে বলে, তার বড় ভাই জসিমকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। এজন্য একজন শিক্ষককে গুলি করে ভয় দেখাতে হবে। তার কথায় রাজি হয়ে ঘটনার দিন মোটরসাইকেলে আমি, রানা ভাই ও হারুন ভাই ধানমণ্ডিতে উপস্থিত হই।

“একটি গাড়ি আসছে- টেলিফোনে এমন খবর পেয়ে রানা ভাই মোটর সাইকেল চালাতে শুরু করেন। আমি মোটর সাইকেলের মাঝে ছিলাম, হারুন ভাই ছিল পেছনে।”

Image
গুলিবিদ্ধ শামীম হাসপাতালে

গুলিবিদ্ধ শামীম হাসপাতালে

“মোটর সাইকেল শামীম ভাইকে বহনকারী গাড়ির বামে আসার পর আমি তিনটা গুলি করি। হারুন ভাই একটা গুলি করার পর তার বন্দুক কাজ করছিল না।”

হারুন সাংবাদিকদের বলেন, “ভাই, আমি ২০ হাজার টাকা পাব বলে এ কাজে অংশ নিয়েছিলাম।”

হামলার দুদিন পর মেহেদীর মোবাইলে ৫ হাজার এবং হারুনের মোবাইলে কয়েক ধাপে ৯ হাজার টাকা বিকাশের মা্ধ্যমে মনির পাঠায় বলে তারা জানান।

জুয়েল ভাড়া করা অস্ত্রগুলো সাঈদকে ফেরত দিয়ে আসে বলে মেহেদী ও হারুন জানায়।

তারা দুজনই বলেন, রানা তেজগাঁও থানার ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা। জুয়েল ছাত্রলীগে এবং সাঈদ স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত।

তবে তারা কে কোন পদে রয়েছেন, তা বলতে পারেনি মেহেদী কিংবা হারুন।

জসিম ও রানাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান।

শামীমের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে আতঙ্ক দেখা দেয়।   

শামীম ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন তিনি।