২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা শামীমকে গুলি

রাজধানীর ধানমণ্ডিতে  সড়কে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 02:47 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, “তার (শামীম) শরীরে দুটো গুলি লেগে বেরিয়ে গেছে। তিনি এখনো বিপদমুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।”

সকালে ধানমণ্ডি-১০ নম্বর সড়কের বাসা থেকে গাড়িতে করে বেরোনোর কিছুক্ষণ পর ইবনে সিনা হাসপাতালের কাছে হামলার শিকার হন শামীম।

শামীমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে।

শামীম তাদের বলেন,“আমি গাড়িতে চালকের পাশের আসনে বসা ছিলাম। গাড়ি বাসা থেকে বেরোনোর কিছুক্ষণ পর  মোড় ঘুরতে গিয়ে গতি কমালে একটি মোটর সাইকেলে তিনজন এসে আমাকে গুলি করে। তখন আমি শুয়ে পড়লে আমার বাঁ হাতে গুলি লাগে।”

শামীমের বাঁ হাতের কব্জি ও কনুইয়ের মাঝখানে একটি এবং বাহু ভেদ করে আরেকটি গুলি বেরিয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ব্যবসায়ী মহলে শিল্পপতি জয়নুল হক শিকদারের কাছের লোক হিসাবে পরিচিচি ছাড়াও নিজেও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত থাকা শামীম বলেন, “আমার  কোনো শত্রু নেই।”

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকেও তিনি ধানমণ্ডি লেকের পাড়ে হেঁটেছেন। হেঁটে বাসায়ও ফিরেছেন।

শামীমের গাড়িচালক মো. কামাল সাংবাদিকদের বলেন, “সকালে স্যার সিদ্ধেশ্বরী অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। আমি গাড়ি চালাচ্ছিলাম। গাড়িতে স্যার ছাড়া নাসির কাকা ছিলেন।

“পথে আমাদের গাড়িটি ইবনে সিনার কাছে আসলে হঠাৎ মুহূর্তের মধ্যে কেউ এসে স্যারকে গুলি করে। এতে স্যারের বাঁ হাতে দুটি গুলি লাগে।”

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা বুঝতে পারেননি কামাল।

শামীমকে দেখতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকা মেডিকেলে যান। ঢাকা মহানগর পুলিশ কমিশনারও যান সেখানে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।”

সকালে হামলা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়। 

ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা এখনো হয়নি।”

তিনি জানান, ঘটনাস্থলের পাশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করেছিলেন তারা, কিন্তু স্পষ্ট কিছু সেখানে ধরা পড়েনি।

“সব অস্পষ্ট,আবছা। অবশ্য  তবে ঘটনা একটা যে ঘটছে, তা কিছুটা বোঝা যাচ্ছে,” বলেন ওসি।  

তিনি জানান, থানা পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতৃত্ব দেন।

১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের ছেলে শামীম।

ছাত্রলীগের বিক্ষোভ

সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

সকালে হামলার পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশ হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগে আওয়ামী লীগ নেতা শামীমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, ছাত্রলীগের ঢাবি সভাপতি মেহেদী হাসান মোল্লা এবং সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

পুরনো খবর:

সাবেক ছাত্রলীগ সভাপতি শামীম গুলিবিদ্ধ