সাবেক ছাত্রলীগ সভাপতি শামীম গুলিবিদ্ধ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে তিনি এ হামলার শিকার হন বলে মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শামীমের বাসা ধানমণ্ডি-১০ এ। সকাল পৌনে ১০টার দিকে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে ছাত্রলীগের সাবেক নেতা মাযহারুল ইসলাম মানিক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে স্যার সিদ্ধেশ্বরী অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। আমি গাড়ি চালাচ্ছিলাম। পেছনে স্যার বসা। গাড়িতে আরো ছিলেন নাসির কাকা।
“পথে আমাদের গাড়িটি ইবনে সিনার কাছে আসলে হঠাৎ মুহূর্তের মধ্যে কেউ এসে স্যারকে গুলি করে। এতে স্যারের বাঁ হাতে দুটি গুলি লাগে।”
কে বা কারা এই হামলা চালিয়েছে তা বোঝা যায়নি বলে জানান তিনি।
১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতৃত্ব দেন।
১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের ছেলে শামীম।
