২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমকে গুলি: সন্ত্রস্ত আওয়ামী লীগ নেতারা

দলের কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন আওয়ামী লীগ নেতাদের অনেকেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

রাজনৈতিক কিংবা ব্যবসায়ী- যেই কারণেই হোক না কেন, শামীমের ওপর হামলা তাদের সন্ত্রস্ত করে তুলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন সাবেক ছাত্রনেতার মধ্যে এনামুল হক শামীম একজন।

কাউন্সিল ছাড়াই ২০১২ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে শামীমকে দলের কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়।

ব্যবসায়ী মহলে শিল্পপতি জয়নুল হক শিকদারের কাছের লোক হিসাবে পরিচিত শামীম নিজেও নানা ব্যবসার সঙ্গে জড়িত।

তার এক ভাই জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) পরিচালক পদে কর্মরত রয়েছে। কর্নেল আমিন নামে পরিচিত তার ভাই এ কে এম আমিনুল হক এনএসআইইয়ের পরিচালক।

শামীমকে ‘প্রভাবশালী’ আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতারা বলেন, তার মতো লোক গুলিবিদ্ধ হওয়ায় অনেকেই নিজেদের অনিরাপদ মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদকের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের নীতিনির্ধারকসহ দলটির কার্যনির্বাহী সংসদের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদক বলেন, “শামীমকে মেরে ফেলতেই গুলি চালানো হয়েছিল। উপরওয়ালা সাথে ছিল বলেই ও বেঁচে গেছে।

“দল ক্ষমতায়, এই অবস্থায় শামীমের মতো নেতা যদি দিনে-দুপুরে গুলি খায়, তাহলে আমাদের কী অবস্থা হবে?”  প্রশ্ন রাখেন দলের আরেকজন কেন্দ্রীয় নেতা।

সাবেক এক ছাত্রলীগ নেতা ও জাতীয় সংসদের সদস্য বলেন, “বিষয়টি পলিটিক্যালও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। কিন্তু, বুঝতে হবে এনামুল হক শামীমের ওপর হামলা হয়েছে।”

ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টেলিফোনে আওয়ামী লীগের আরেক নেতা বলেন, এই ঘটনায় তারা ভীত।

তিনি বলেন, “শামীমের যেই ফ্যামিলি পরিচয়, তারপরও তার ওপর গুলি। আমরা তো কোন ছার!”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ আশংকা প্রকাশ করেছেন যে, এনামুল হক শামীমের ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জড়িত থাকতে পারে।

আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ বলেছেন, “এনামুল হক শামীম সেই চোরাগুপ্তা হামলার শিকার কিনা বা বিএনপির শীর্ষনেতারা এতে জড়িত আছেন কিনা-সেটি মাথায় রেখেই আইন-শৃঙ্খলা বাহিনীকে তদন্ত কাজ এগিয়ে নিতে হবে।”

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-১০ সড়কের এর বাসা থেকে গাড়িতে করে বেরোনোর কিছুক্ষণ পর হামলার শিকার হন শামীম।

শামীমের বক্তব্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

হাতে গুলিবিদ্ধ শামীম বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতৃত্ব দেন।

১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের শামীম।

পুরনো খবর:

আওয়ামী লীগ নেতা শামীমকে গুলি