শামীমকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪
সাবেক ছাত্রলীগ সভাপতি একেএম এনামুল হক শামীমকে গুলির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এ টি এম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারুন, মেহেদী, মনির ও জুয়েল নামের এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে হারুন ও মেহেদী সরাসরি গুলিবর্ষণে জড়িত এবং মনির ও জুয়েল হামলা পরিকল্পনায় জড়িত বলে র্যাবের গণমাধ্যম শাখার এ কর্মকর্তা জানান।
গ্রেপ্তারদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানায়নি র্যাব। হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত জানাবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম গত ১৯ জুন সকালে অফিস যাওয়ার সময় ধানমণ্ডি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন।
দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি করলে বাঁ হাতে গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতৃত্ব দেন।
১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের ছেলে শামীম।
