২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা বসলেন, অনেক ক্ষতির পর’

ব্যবসায়ীদের ডাকে সাড়া দিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আরো আগে আলোচনায় বসলে বিপুল প্রাণহানি ও অর্থনীতির ক্ষতি এড়ানো সম্ভব হতো বলে মনে করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, মাস দুয়েক আগে ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে দুই দলকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।

“তারা আমাদের কথা শোনেননি। শুনছেন বিদেশিদের কথা, কারণ আমরা ভয় দেখাতে পারি না, আমরা পারি দেশের অর্থনীতির ধ্বংস হয়ে যাওয়ার কথা বলতে।”

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্ততায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা আলোচনা চালিয়ে যেতে সম্মত হওয়ার পরদিন ব্যবসায়ীদের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

নির্বাচন সামনে রেখে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে তার সমঝোতার দাবিতে ১৫ ডিসেম্বর সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে এফবিসিসিআই, যাকে তারা বলছেন ‘প্রতিবাদ বন্ধন’।

এই কর্মসূচির বিষয়ে জানাতেই বুধবার এফবিসিসিআইর সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

অন্যদের মধ্যে এফবিসিসিআইর সাবেক সভাপতি মোহাম্মাদ আকরাম হোসেন, আনিসুল হক, এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, বিকেএমইএর সহ-সভাপতি মো. হাতেম এ সময় উপস্থিত ছিলেন।

বারবার সমঝোতার আহ্বান জানানোর পর অন্তত মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য গত অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দুই দফা দেখা করেন ব্যবসায়ীরা। কিন্তু কোন দলই সে সময় সাড়া দেয়নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কাজী আকরাম সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের প্রস্তাব মানলে এতো বাস, ট্রাক, জীবন, অর্থনীতি ধ্বংস হতো না।”

তিনি জানান, চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের প্রতিবাদে এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব জেলা চেম্বার, অ্যাসোসিয়েশন, বিভিন্ন দোকান মালিক সমিতির সদস্যরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রধান সড়কে সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে ‘প্রতিবাদ বন্ধন’ কর্মসূচি পালন করবেন।

ওই দিন রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে তৈরি করা হবে প্রতিবাদ মঞ্চ। যেখানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেবেন।

কাজী আকরাম বলেন, “সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা হয়। আমরা সাদা পতাকা উড়িয়ে বলতে চাই আমরা ধ্বংসের বিরুদ্ধে আত্মসমর্পণ করলাম।”

পুরনো খবর:

সমঝোতার আহ্বান নিয়ে রাজপথে ব্যবসায়ীরা
সহিংসতার প্রতিবাদে সাদা পতাকা দেখাবে ব্যবসায়ীরা
রাজনৈতিক অস্থিরতায় সংকটে ব্যাংক
খালেদার দেখা পাননি ব্যবসায়ীরা, স্মারকলিপি দিয়ে এলেন
হরতাল-অবরোধ: পরিবহনে দৈনিক ক্ষতি ‘৩০০ কোটি টাকা’
জ্বালাও-পোড়াও-গ্রেপ্তারে সমাধান নেই: এফবিসিসিআই
‘তৃতীয় শক্তি নয়, সমঝোতা চাই’