সমঝোতার আহ্বান নিয়ে রাজপথে ব্যবসায়ীরা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির অবসানে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে রাজপথে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
“আমরা বাঁচতে চাই’- স্লোগানে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে এ মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মতবিরোধে সংঘাতময় পরিস্থিতিতে দুই নেত্রীকে সমঝোতায় রাজি করাতে ব্যর্থ হওয়ার পর রাজপথের কর্মসূচিতে নামলেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম দুই প্রধান দলের উদ্দেশে বলেন, “আগামী পাঁচ দিনের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে সব কারখানার শ্রমিকরাও রাস্তায় নামতে বাধ্য হবে।”
“আগামী ৫ দিনের মধ্যে সমঝোতা না হলে আমরা আমাদের সমস্ত শ্রমিকসহ গণভবন ও বাড়ি (বিরোধী নেতার) ঘেরাও করব,” বলেন বিজিএমইয়ের সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক দুই প্রধান দলের উদ্দেশে বলেন, “অসুস্থ রাজনীতি ছাড়েন, আপনারা আস্তে আস্তে ইতিহাসের আস্তাকুড়ে চলে যাচ্ছেন। আপনাদের হাতে সময় খুব অল্প আছে।”
মূলত তৈরি পোশাক শিল্প মালিকদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এর ডাকে এই মানববন্ধনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের নেতারা যোগ দেন।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহাও এতে বক্তব্য রাখেন।
এই কর্মসূচির সময় বিজিএমইএ ভবনের সামনের সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর পৌনে ১টায় মানববন্ধন শেষ হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
আতিকুল ইসলাম বলেন, “বর্তমান পরিস্থিতিতে গত ৩০ বছরে গড়ে উঠা পোশাক শিল্প চরম সঙ্কটের মধ্যে পড়েছে। এত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা আগে কখনোই হইনি।”
টানা অবরোধ-হরতালে যোগাযোগ বন্ধ থাকায় রপ্তানি পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। আবার আমদানি করা পণ্যও বন্দর থেকে আনা যাচ্ছে না।
বিজিএমইএ সভাপতি বলেন, “আমরা নিরাপদে পণ্য গন্তব্যে পাঠাতে পারছি না।বন্দরে কন্টেইনার ভর্তি মাল পড়ে আছে জাহাজিকরণের অপেক্ষায় ।সমস্ত সাপ্লাই চেইন ভেঙে পড়েছে।”
তিনি জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের ১ লাখ ৩২ হাজার টন পণ্য বিমানে পাঠাতে হয়েছে, এর ফলে লোকসান হয়েছে ৪ হাজার কোটি টাকা।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান তারা।
পোশাক শিল্প সংশ্লিষ্ট সব পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যানকে হরতালের আওতামুক্ত রাখার দাবিও জানান তিনি।
চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিরাপত্তার অভাবজনিত কারণে অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন, বলেন বিজিএমইএ সভাপতি।
“বিনা ঝামেলায় শিল্প থেকে বের হয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশের মত চ্যাপ্টার-১১ (লিকিউইডেশন) এর অনুরূপ প্ল্যান চাই। আমাদের একটি এক্সিট (বের হয়ে যাওয়া) প্ল্যান দিন।”
“এই বোঝা আর আমাদের পক্ষে বহন করা সম্ভব না”- আতিকুল একথা বললে মানববন্ধনে থাকা ব্যবসায়ী নেতারা উচ্চ কণ্ঠে তিনবার বলেন, “আমরা ব্যাংকের লোন শোধ করতে পারব না।”
আতিকুল ইসলাম বলেন, “আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পেছানোর কোনো স্থান নেই।
“দুটি বড় রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি, আমাদের পরিত্রাণ দিন। তা না হলে এই বোঝা বহন করা আমাদের পক্ষে সম্ভব হবে না।”
