২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দেখা পাননি ব্যবসায়ীরা, স্মারকলিপি দিয়ে এলেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেও তাকে না পেয়ে তার কার্যালয়ে স্মারকলিপি দিয়ে এসেছেন তৈরি পোশাক শিল্প মালিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 11:29 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

গণভবন থেকে বেরিয়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যায়।

খালেদা জিয়া কার্যালয়ে না থাকায় তার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের কাছে দুই পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে আসেন তারা, যাতে রাজনৈতিক সংঘাত বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

খালেদা জিয়া কার্যালয়ে আসেননি জানিয়ে সাবিহ উদ্দিন স্মারকলিপি নিয়ে ব্যবসায়ীদের বলেন, “বিরোধীদলীয় নেতার কাছে স্মারকলিপিটি আমি আজই পৌঁছে দেব।”

চলমান রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত পোশাক শিল্প মালিকরা সংঘাত বন্ধের আহ্বান নিয়ে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, পরে যান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

প্রধানমন্ত্রী তাদের নিরাপত্তার আশ্বাস দিলেও হরতার-অবরোধ কর্মসূচির কারণে ক্ষতির বিষয়টি বিরোধী নেত্রীকে বুঝিয়ে বলার পরামর্শ দেন।

এরপর ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলে তাদের স্বাগত জানিয়ে সভা কক্ষে বসানো হয়। সেখানে ব্যবসায়ী নেতারা বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের জন্য সাবিহ উদ্দিনকে অনুরোধ জানান।

বিজেএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন,“আমরা অস্তিত্ব রক্ষার জন্য বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ৩০ বছরের প্রচেষ্টায় যে শিল্প পরিবার গড়ে উঠেছে, তা আজ ধ্বংসের মুখে। এটা আমাদের বাঁচা-মরার লড়াই।

“আপনি (সাবিহ উদ্দিন) স্মারকলিপিটি নিয়ে বিরোধীদলীয় নেতার কাছ থেকে জবাব নিয়ে আসুন। সেজন্য আমরা এখানে অপেক্ষা করতে চাই।”

বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “আমরা আজ নিঃস্ব হয়ে গেছি। বায়াররা আমাদের থ্রেট দিচ্ছে। আমরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছি না।

“শ্রমিকদের আগামীতে আমাদের বেতন দেয়া সম্ভব হবে না। সার্বিকভাবে আমরা গোটা পোশাক পরিবার আজ রাস্তায় বসতে যাচ্ছি। আমরা পথের ফকির ও জীবন্ত লাশ হতে চলেছি।”

“এ থেকে পরিত্রাণ চাই আমরা। অনেক আশা নিয়ে আমরা বিরোধীদলীয় নেতার কাছে এসেছি। তাকে আমাদের দুঃখের কথাগুলো বলতে চাই,” বলেন তিনি।

প্রতিনিধি দলে থাকা এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করতে চাই। আমাদের সমস্যাগুলো তার সামনে তুলে ধরতে চাই।”

জবাবে সাবিহ উদ্দিন কার্যালয়ে বিরোধীদলীয় নেতার না আসার তথ্য জানিয়ে স্মারকলিপিটি পৌঁছে দেয়ার আশ্বাস দেন।

তিনি সেইসঙ্গে বলেন, “এই শিল্পে বিএনপির অনেক অবদান রয়েছে। বিরোধীদলীয় নেতা আপনাদের সমস্যার কথা বোঝেন। একটি বিবৃতিতে এই পোশাক শিল্পের বিষয়টি তিনি তুলেও ধরেছেন।”

চলমান সঙ্কটের জন্য সরকারকে দায়ী করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, “সঙ্কট সমাধান সরকারের জন্য এক মিনিটের ব্যাপার। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, এর থেকে বেশি কিছু নয়।”

নির্দরলীয় সরকারের দাবিতে বিরোধী দলে তিন দিনের অবরোধ বাড়িয়ে ছয় দিন করার পর তৈরি পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা বিকালে বৈঠকে বসেন।

ওই বৈঠক থেকে তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেন।

এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, “পোশাক শিল্প হরতাল-অবরোধের আওতামুক্ত করা হবে,এই নিশ্চয়তাটুকু আমরা বিরোধীদলীয় নেতার কাছ থেকে চাই। অতীতে বিএনপি  গার্মেন্টস শিল্পকে হরতালের আওতামুক্ত রেখেছিল। আমরা গার্মেন্টস শিল্পের যানবাহন আসা-যাওয়ার নিশ্চয়তা চাই।”

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন,“আমাদের শিল্পের কাঁচামাল পোর্টে স্তূপ হয়ে আছে। এগুলো যাতে আসতে পারে এবং রপ্তানির মালামাল পোর্টে যেতে পারে, তা নিশ্চয়তা চাই।”

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “পোশাক শিল্পে যে নাশকতা চলছে, এটি একটি মহল বিশেষের পরিকল্পিত তৎপরতা। স্ট্যান্ডার্ড গার্মেন্টস পুড়েছে। গত ১৪ দিন ধরে অবরোধ কর্মসূচি ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই শিল্প ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর সমাধান আমরা চাই।”

জবাবে সাবিহ উদ্দিন বলেন,“স্ট্যান্ডার্ড গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা নেত্রীও ঘটনার পর ব্যথিত হয়েছেন। কিন্তু এ ঘটনা কারা ঘটিয়েছে, তা আপনারা সবাই জানেন।”

ব্যবসায়ীদের এই প্রতিনধি দলে আরো ছিলেন আব্দুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর আল আমীন, মো. হাতিম, শহীদুল্লাহ আজীম, এস এম মান্নান কচি, আজমত রহমান ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন প্রমুখ।

সাবিহ উদ্দিনের সঙ্গে বিএনপির অর্থ বিষয়ক উপসম্পাদক জি এম ফজলুল হক উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সংলাপে বিরোধী নেত্রীই সাড়া দেননি: হাসিনা