সহিংসতার প্রতিবাদে সাদা পতাকা দেখাবে ব্যবসায়ীরা
রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ সাদা পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
আগামী এক সপ্তাহের মধ্যে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এফবিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির আওতায় সব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা পতাকা উত্তোলন করা হবে। এ ব্যাপারে অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারসমূহ ব্যবসায়ীদের সহায়তায় করবে।
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী/উদ্যোক্তাদের খেলাপি না করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানাবে সংগঠনটি।
এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যাংকের সুদ স্থগিত রাখতেও অনুরোধ করবে সংগঠনটি।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে বিরোধী দলের লাগাতার সহিংস হরতাল ও অবরোধে জাতীয় অর্থনীতি চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
