‘তৃতীয় শক্তি নয়, সমঝোতা চাই’
বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের ‘নিগ্রহের’ কথা মনে করিয়ে দিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আনার উদ্যোগ নেয়ার কথা জনিয়েছেন ব্যবসায়ীরা নেতারা।
তারা বলছেন, দেশের ব্যবসায়ীরা আর কোনো ‘তৃতীয় শক্তিকে’ ক্ষমতায় দেখতে চান না, তারা সমঝোতা চান।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা কোনো তৃতীয় শক্তির উত্থান চাই না। এর আগেরবার তৃতীয় শক্তি ব্যবসায়ী সমাজকে নিগৃহীত করেছে, নিপীড়িত করেছে। তৃতীয় শক্তির ফল কি- তা ব্যবসায়ীরা হাড়ে হাড়ে টের পেয়েছে।”
রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হবে- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা সেই অনুরোধ নিয়েই প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কাছে যাচ্ছি। আশা করি উনারা আমাদের কথা রাখবেন। কারণ আমাদের (ব্যবসায়ী) ছাড়া দেশ চলতে পারে না।”
এফবিসিসিআইয়ের সভাপতি জানান, রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার উদ্যোগের অংশ হিসাবে মঙ্গলবারই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। বিরোধীদলীয় নেতার কাছেও তারা সময় চেয়েছেন।
“আজ থেকে দুদলের সমঝোতার জন্য প্রেশার দেয়া শুরু করলাম। এই প্রেশার এমন পর্যায়ে নিয়ে যাব, যাতে দুই নেত্রীর মধ্যে বৈঠকের মাধ্যমে সমঝোতা সম্ভব হয়।”
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ‘দেশের বিরাজমান রাজনৈতিক কর্মসূচিতে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক ও একে আজাদ ছাড়াও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।
এর আগে সাবেক নেতাদের নিয়ে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের জরুরি সভা হয়। ওই সভার আলোচনার বিষয়ও ছিল বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি।
একজন পরিচালক জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ব্যবসায়ীরা ‘সব ধরনের’ উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। দুই দলের দুই নেত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি প্রয়োজনে ব্যবসায়ীরা রাস্তায়ও নামবে।
সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, যা নিয়ে আপত্তি তুলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে বিরোধী দল বিএনপি।
এ নিয়ে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যে গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী। দুই দিন পর প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পাল্টা প্রস্তাব তোলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
এরপর গত শুক্রবার ১৮ দলীয় জোটের জনসভা থেকে ওই প্রস্তাবের ওপর আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রীকে দুই দিন সময় বেঁধে দেন খালেদা। এর মধ্যে উদ্যোগ না নিলে রোববার থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন।
ওই সময় শেষ হওয়ার আগেই শনিবার টেলিফোনে কথা হয় দুই নেত্রীর মধ্যে। প্রধানমন্ত্রী সোমবার গণভবনে বসার আমন্ত্রণ জানিয়ে হরতাল প্রত্যাহারের আহ্বান জানালেও বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে বলা হয়, তা সম্ভব নয়। হরতাল শেষে বিরোধী দলীয় নেতা আমন্ত্রণ গ্রহণ করতে প্রস্তুত।
পরদিন থেকেই সারা দেশে শুরু হয় ১৮ দলের হরতাল, যাতে তিন দিনে সহিংসতায় সারা দেশে অন্তত ১৪ জন নিহত হন, চলে ব্যাপক বোমাবাজি-ভাংচুর।
এই পরিস্থিতিতে সোমবার রাতে জরুরি বৈঠক করে সমঝোতার উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত জানায় এফবিসিসিআই।
দুই নেত্রীর টেলিসংলাপের পর রাজনৈতিক বিষয়ে সমঝোতার ব্যাপারে ব্যবসায়ীরা কতোটা আশাবাদী- এমন প্রশ্নের জবাবে কাজী আকরাম বলেন, “আগে তো কথাই হতো না। এখন কথা হয়েছে, সেটাও অনেক। এখন মনের ভাব প্রকাশ হয়েছে। এরপরে জাতীয় ইস্যু নিয়ে কথা হবে।”
লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, “সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমঝোতা ও সমাধানের পথ বের করা হোক- এটাই ব্যবসায়ী সমাজের একান্ত কাম্য।
“প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে টেলিফোনে সংলাপের মাধ্যমে যে প্রক্রিয়ার সূত্রপাত ঘটেছে, আমরা আশা করব তার সফল সমাপ্তির মাধ্যমে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটবে।”
হরতাল প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হরতালকে কেন্দ্র করে যেসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালিত হয় তার শিকার হয় ব্যবসায়ীসহ দেশের সব শ্রেণিপেশার মানুষ। ব্যবসায়ী সমাজ সব সময় হরতালের বিরুদ্ধে। আমরা মনে করি, যেসব রাজনৈতিক কর্মসূচি অর্থনেতিক কর্মকাণ্ডকে ব্যহত করে, তা পরিহার করা উচিত।”
