রাজনীতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক
আগামী নির্বাচন নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা এবং সংলাপের আবহের মধ্যে উদ্যোগী হতে যাচ্ছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।
দুই নেত্রীর সংলাপ অব্যাহত থাকা নিয়ে সংশয়ের মধ্যে সোমবার রাতে তারা এক জরুরি বৈঠক করে বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এই সংবাদ সম্মেলন করবে বলে বৈঠকে অংশ নেয়া মীর নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চলমান পরিস্থিতিতে দুই নেত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ চিঠিও দিয়েছেন।
ওয়েস্টিন হোটেলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টার ওই বৈঠকে সভাপতিত্ব করেন কাজী আকরাম। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বর্তমান সহসভাপতি ছাড়াও মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা বৈঠকে ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এফবিসিসিআই কাল সকালে জরুরি বোর্ড সভা করবে।”
ওই সভা সভার পর এফবিসিসিআই কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি।
“আজকের বৈঠকে এফবিসিসিআইয়ের বর্তমান নেতৃত্বকে কিছু বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা কাল বোর্ড সভা করে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সম্প্রদায়ের করণীয় ঘোষণা করবে।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন ব্যবসায়ীদের এই বৈঠক হল। দুদিনের হরতালে সহিংসতায় সারা দেশে অন্তত নয়জন নিহত হয়েছে, চলছে ব্যাপক বোমাবাজি।
বৈঠকের কারণ ব্যাখ্যা করে মীর নাসির বলেন, “সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা ব্যবসায়ী সম্প্রদায় উদ্বিগ্ন। আমরা চাই সম্মানজনক সমাধান।
“আর এ ব্যাপারে আমরা ব্যবসায়ীরা কোনো উদ্যোগ নিতে পারি কি না, সে বিষয়ে আলোচনার জন্যই আমরা বৈঠকে বসেছিলাম।”
মীর নাসির হোসেন (ফাইল ছবি)
ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন কি না- এ প্রশ্নের উত্তরেও একই কথা বলেন তিনি।
বৈঠকে মীর নাসির ছাড়াও ছিলেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, আবদুল আউয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ, বর্তমান সহ-সভাপতি হেলালউদ্দিন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি কে এম সেলিম ওসমান।
দুই নেত্রীকে এফবিসিসিআইয়ের চিঠি
চলমান পরিস্থিতিতে আলোচনার জন্য এফবিসিসিআই সভাপতি দেখা করতে চেয়ে গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন।
ওই চিঠিতে বর্তমান অবস্থাকে ‘ক্রান্তিকাল’ আখ্যায়িত করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পরিস্থিতি তুলে ধরে চিঠিতে বলা হয়, “এই ক্রান্তিলগ্নে আপনার সঙ্গে আলোচনা করে বিরাজমান পরিস্থিতি উত্তরণে আপনার বিজ্ঞজনোচিত পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশী।”
