হরতালের শেষদিনেও সংঘাত-সহিংসতা
বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা তিনদিনের হরতালের শেষদিনেও দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজি হয়েছে।
নির্দলীয় সরকারের দাবিতে ডাকা এ হরতাল শুরু হয় রোববার। মঙ্গলবার ছিল শেষদিন। হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষসহ অন্তত ১৬ জন নিহত হন। বোমাহামলা হয় মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির বাড়ির সামনে।
বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বরিশাল
বরিশাল নগরীতে যানবাহনে ভাংচুর ও পটকা বিস্ফোরণ হয়েছে।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়েছে।
বিভিন্ন স্থান থেকে সাত জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কে কাশিপুর হাইস্কুল এলাকায় ইট ফেলে এবং টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা।
ভোরে নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এক জামায়াতকর্মীকে পুলিশ আটক করে।
সকাল ১০টার দিকে বিএনপির একটি মিছিল চলাকালে বগুড়া রোড আম্বিয়া হসপিটাল এলাকায় তিনটি পটকায় বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
পরে নগরীর হাসপাতাল রোড ও বিএম কলেজ এলাকায় দুটি অটোরিকশায় ভাংচুর করে পিকেটাররা।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার এটিএম মুজাহিদুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।এদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ হাতাহাতি
হরতালের সমর্থনে ক্যাম্পাসে মিছিল করাকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর পরেশ সাগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে।
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির জানান, ছাত্রদল কর্র্মীরা হরতালের সমর্থনে ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়।
এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা আড়াইটায় নগরীর শাহী ঈদগাহ-টিলাগড় সড়কের হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকা থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
এসএমপির আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সম্রাজ মিয়া জানান, রাস্তার পাশে হাতবোমা দুটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এসআই সম্রাজ মিয়া আরো জানান, সকালে টিলাগড় হয়ে হার্ট ফাউন্ডেশনের সামনের রাস্তা দিয়ে শিবিরেরেএকটি মিছিল নিয়ে যাওয়ার সময় শাহী ঈদগাহ এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
ধারণা করা হচ্ছে শিবির নেতাকর্মীরাই উদ্ধার হওয়া তাজা হাতবোমা দুটি ফেলে গেছে, বলেন তিনি।
রাজশাহী
নগরীর তিনটি স্থানে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে ১৮ দল দাবি করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৯ জনকে আটক করে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা সোনাদিঘী মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
ওসি জিয়া বলেন, নগরীর কাদিরগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে ছাত্রদলকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
জেলা বিএনপি সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু বলেন, পথসভা করে চলে যাওয়ার সময় পুলিশের ছোড়া রাবার ব্যুলেট ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, কাজলা এলাকার অক্টের মোড়ে শিবিরকর্মীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বলিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। তবে একটি বোমার বিস্ফোরণ হয়নি।
ঘটনাস্থল থেকে ৪ শিবির কর্মীকে আটক করা হয় বলে ওসি জানান।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি জানান, হরতাল বিরোধী একটি মিছিল শহর প্রদক্ষিণ করার সময় টিএ রোডে হরতাল সমর্থকদের মিছিলে হাতবোমার বিসস্ফারণ হয়।
এ সময় পুলিশ গেলে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
দিনাজপুরের বিরামপুর ও খানসামা উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের হামলায় কৃষক লীগের দুই নেতা আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারে হরতাল বিরোধী মিছিলে বিএনপি ও জামায়াত-শিবির হামলা করে।
এতে কাটলা ইউপি চেয়ারম্যান বিরামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি শামসুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এদিকে, সোমবার রাত ১০টায় জামায়াত-শিবিরের সমর্থকরা পাকেরহাট বাজারে খানসামা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জিল্লুর রহমান জানান, শামসুল ইসলামের আঘাত গুরুতর। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফেনী
সকালে দাগনভূঞার সিলোনিয়ায় ছাত্রদল-যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪২ রাউন্ড শটগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।
সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় সকালে পুলিশের সঙ্গে বিএনপি ও জামাতের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় জয়দেবপুর থানার পাঁচ পুলিশ সদস্যও আহত হন।
জয়দেবপুর থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মিছিলকারীরা শিববাড়ি-শিমুলতলী সড়ক অবরোধ করে সমাবেশ ও মিছিল করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় বোমার স্প্লিন্টারের আঘাতে এসআই আনোয়ার হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে একইদিন সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় স্থানীয় ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি’র উপদেষ্টা ডা. সামসুল ইসলাম, ছাত্রদলনেতা টিআই মিল্টন ও বাবুল হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
তবে, বিএনপি নেতা শহীদুজ্জামান জানান, বিএনপির একটি মিছিল থেকে হাতবোমা ফাটানো হলে ৫ পুলিশ আহত হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে মিছিলকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ব্যনার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের মোটরসাইকেল লক্ষ্য করে নিক্ষেপ কার হাতবোমার বিস্ফোরণে চার সাংবাদিক আহত হয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে কাঞ্চন খানের বাড়ি এলাকায় এই হামলায় আহতরা হলেন কালেরকন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহম্মেদ, আজকালের খবরের রিয়াজ হোসেন, সকালের খবরের জিএম শহীদ এবং অর্থনীতি প্রতিদিনের ইমদাদুল হক দুলাল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নেয়া হচ্ছে।
নরসিংদী
শহরে জেলা ও দায়রা জজের বাসভবনের পিছনে হাতবোমার বিষ্ফোরণ হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় হরতালের সমর্থনে শহরের ভেলানগর জেলখানার মোড়ে একটি মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এরপর হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেয়।
নরসিংদী সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শহরের বিভিন্ন পয়েণ্ট থেকে শিবির ও বিএনপির ৩২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা জানান, সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর ছোটভাই মিটু গাজীকে শহরের বড়পুল এলাকায় পিকেটাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
সদরের রঘুনাথপুরে বিকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর চালানো হয়। এছাড়া ৩টি দোকান ও ১টি বসতঘরেও হামলা ও ভাংচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান খোলা রাখাকে কেন্দ্র করে বিএনপিকর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে আওয়ামী লীগকর্মীরা গেলে সংঘর্ষ বেধে যায়।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সৈকত শাহীন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
হবিগঞ্জ
বেলা ১২টায় শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকা ও ডাকঘর সড়ক এলাকায় যুবদলের মিছিল থেকে চারটি দোকান ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবদলকর্মীকে আটক করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দোকান ভাংচুর ও যুবদলকর্মী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম
দুপুরে রৌমারী সদরের বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মিছিল ও সমাবেশ চলাকালে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ৬টি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ও বিজিবি ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
দুপুরে সদরের পাজারখালী বাজারে হবখালী ইউনিয়ন বিএনপি সভাপতি রিয়াজুল ইসলাম টিংকুকে (৪১) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
তিনি বিলডুমুরতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাছুম আহম্মদ ভূইয়া জানান, দুপুরে পাজারখালী বাজারে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।
পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজি মোহাম্মদ ইব্রাহিম জানান, সকাল ১১টায় পিকেটাররা চুয়াডাঙ্গা নিউমার্কেট এলাকায় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে একটি দোকান ভাংচুর করেছে।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে হরতাল সমর্থকদের একটি মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষ হয়ে যাওয়ার পর কয়েকজন যুবক আলমডাঙ্গা কাপড়পট্টিতে হামলা করে ৫টি দোকান ভাংচুর করে তারা।
ওসি রফিকুল ইসলাম আরো বলেন, কিতাবনগর গ্রামে বিল্লাল হোসেন নামে একজনের বাড়ির সামনে দূর্বত্তরা জর্দার কৌটা দিয়ে তৈরি চারটি বোমা রেখে যায়। তার পাশে একটি চিরকুট ছিল। তাতে বিল্লাল হোসেনকে হুমকি দেওয়া হয়েছে। লোকজন বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়।
