গাজীপুরে সংঘর্ষ, বোমাবাজি, আহত ৩৫
বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি কর্মীরা।
এ সময় বিএনপি কর্মীদের মিছিল থেকে ছোড়া হাতবোমায় আহত হয়েছেন এক পুলিশসদস্যসহ কয়েকজন। পরে পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হন।
সংঘর্ষের মধ্যে দৌঁড়ে সরে পড়তে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা এম এ মান্নানও।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র মান্নানের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করে বিএনপি কর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলকারীরা শিববাড়ি শিমুলতলী সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত ) জাহিদুল ইসলাম জানান, এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। এতে জয়দেবপুর থানার এস আই আনোয়ার হোসেনসহ কয়েকজন আহত হন।
বোমা বিস্ফোরণের পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে ইনস্পেক্টর জাহিদুল জানান।
আহতদের মধ্যে কয়েকজনকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ওহিদ নামে এক চা বিক্রেতাকে পাঠানো হয়েছে ঢাকায়।
জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
