২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের হরতালে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ

হামলা, সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির মধ্য দিয়ে ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দেশের কয়েকটি স্থানে হামলায় পুলিশ সদস্যও আহত হয়েছেন। বিভিন্ন স্থানে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

নির্দলীয় সরকার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রোববার থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিভিন্ন স্থানে বোমাহামলা ও সংঘাতে রোববার ও সোমবার দুদিনে অন্তত নয়জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

সাভার

সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কাছে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

এ সময় ৮/১০টি যানবাহনের কাচ ভাংচুর করে পিকেটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার ৩০/৪০ জন যুবক মিছিল বের করে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা ঢাকা-আরিচা মহাসড়কে ৮/১০টি যানবাহনের কাচ ভাংচুর করে।

পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডে একটি মিছিল থেকে পিকেটাররা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং ৮/১০টি গাড়ি ভাংচুর করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই পিকেটাররা পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ

সকাল ১০টার দিকে নগরীর দ্বিগু বাবুর বাজার এলাকায় বিএনপি ও শিবিরের পৃথক দুটি মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে শহরের কালীর বাজারে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ দুই ঘটনা নিশ্চিত করেছেন।    

কিশোরগঞ্জ

বাজিতপুর উপজেলা সদরে হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। একই সময় আওয়ামী লীগও হরতাল বিরোধী মিছিল বের করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, উপজেলা শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

সিরাজগঞ্জ

সকালে হরতাল চলাকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযালয়, অফিসার স্টাফ কোয়ার্টার ও ডাক বাংলার সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই।

যশোর

সকালে যশোরে তিনটি স্থানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, সকাল ৯টায় শহরতলীর চাঁচড়ায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছে। তাদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া শহরতলীর মুড়লি মোড় ও নতুনহাটে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে এ দুটি স্থানে কেউ আহত হয়নি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে র‌্যাব, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে বলেও জানান তিনি।

দিনাজপুর

বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে হরতাল সমর্থকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে মোখলেছার রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

ভোলা

সকাল ১১টার দিকে দিকে বোরহানউদ্দিনের পশ্চিম বাজারে সড়ক অবেরাধ করে পিকেটিং করে বিএনপিকর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে চার পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই অলোক, আলমগীর, মনির ও এমদাদ।

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, ঘুইংগারহাট, মানিকার হাট ও বোরহানউদ্দিনে একটি মাইক্রোবাস, একটি পিক-আপ ভ্যান ও চারটি অটোরিকশা চুর করে।

কুমিল্লা

সকাল ১০টায় নগরীর কান্দিরপাড়ের রামঘাটলায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করা হয়।

পুলিশ ১১০ রাউন্ড রাবার বুলেট, ৩৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। হরতালকারীরা এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ বহনকারী একটি পিক-আপ ভ্যানেও বোমা ছোড়ে তারা। এতে পিকআপ ভ্যান চালক আহত হয়।

পুলিশ এ সময় ১০ জনকে আটক করেছে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার(সদর) জাহাঙ্গীর আলম সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক মামুন আল মাহমুদ জানান, জেলায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুর

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মিছিলে বাধা দিলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এক পটর্যায়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করে।

পরে রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, সকাল সোয়া ৮টার দিকে জেলা শহরের রেল ক্রসিং এলাকায় পিকেটাররা কয়েকটি হাতবোমা ফাটায়।

এরপর গাজীপুর সিটিকর্পোরেশনের ময়লার গাড়ির কাচ ভাংচুর এবং একটি লেগুনায় অগ্নিসংযোগ করে। পুলিশ এলাকাবাসীর সহায়তায় লেগুনার আগুন নেভায়।

তিনি আরো বলেন, দুপুর ১২টার দিকে পিকেটাররা জেলা বাস টার্মিনালের সামনে শিমুলতলী সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করেছে।

খুলনা

নগরীর সোনাডাঙ্গা এলাকায় শিবিরের মিছিল থেকে পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ও ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তারা পুলিশের উপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি পিক-আপ ভাংচুর করে।

এছাড়া তারা ১৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের কার্যালয়ও ভাংচুর করে।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিরুদ্দিন জুবায়ের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে। সংঘর্ষে সোনাডাঙ্গা মডেল থানার এস আই সালাউদ্দিন আহত হয়েছেন।  

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, সকাল ১১টার দিকে শহরের বড়ইন্দারা মোড় থেকে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের নিমতলা মোড়ে পৌঁছলে শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার বাড়িতে হামলা চালায় মিছিলকারীরা।

তারা ওই বাড়ির দরজা-জানালা ভাঙ্গচুর করে ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে।

পঞ্চগড়

বোদা উপজেলার মাড়েয়া বাজারে সকালে বিএনপির মিছিল থেকে শ্রমিক লীগের কার্যালয় ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন জন আহত হয়।

পরে আওয়ামীলীগ কর্মীরা সংগঠিত হয়ে ইউনিয়ন যুবদল সভাপতি সারোয়ারের গুদাম ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী

রাজশাহীর বাঘায় দুটি চায়ের দোকানে ও একটি পানের দোকানে পেতে রাখা ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়।

বাঘা থানার ওসি আবুল খায়ের বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার পদ্ধতিতে পানিতে ডোবানো হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বোমাগুলো পেতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।