২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আ. লীগ কার্যালয়ে আগুন, বোমাবাজি-ভাংচুর

বিরোধী দলের হরতালের তৃতীয় দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

এছাড়া মঙ্গলবার সকালেও গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীরা।     

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার ভোর রাতে রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা ভোররাত ৩টার দিকে কার্যালয়ের জানালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।     

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে সকালে খানপুর বরফ কল এলাকায় একটি ট্রাক ও একটি টেম্পুতে আগ্নিসংযোগের পাশাপাশি শহরের নিতাইগঞ্জ, ডিআইটি বাণিজ্যিক এলাকা এবং কাঁচপুরের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় তারা হাতবোমারও বিস্ফোরণ ঘটায়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল আলম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর-এ ইয়াসিন নোবেলের নেতৃত্বে এসব এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়।   

নারায়ণণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির নেতাকর্মীরা জেলার কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে। তারা যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে নিতাইগঞ্জে তৈমুরের নেতৃত্বে মিছিল বের করে হরতালকারীরা। পরে পুলিশের বাধার কারণে ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।

এ সময় তারা পাঁচটি যানবাহনে ভাংচুর চালায় এবং চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

খানপুর বরফ কল এলাকায় ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল হয়। এসময় একটি ট্রাক ও একটি টেম্পুতে আগুন দেয় তারা। ভাংচুর করা হয় আটটি যানবাহন। অন্তত আটটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় তারা।

সকাল ৯টার দিকে কাঁচপুরে সোনারগাঁওয়ে যুবদলের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে মহাসড়কে কয়েকটি যানবাহনে ভাংচুর চালানো হয়। ওই এলাকা কিছুক্ষণ অবরোধ করে রাখে তারা।  

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, হরতালের দ্বিতীয় দিনে সোমবার পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অন্তত চারশ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।