২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের আপিলে ৭ অ্যামিকাস কিউরি

আপিলের বিষয়ে আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে সংশোধিত আইন প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ সাত আইনজীবীর মতামত শুনবে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:24 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর এই নেতার যাবজ্জীবন কারাদণ্ডের পর আইন সংশোধন করে প্রসিকিউশনের আপিলের সুযোগ তৈরি করা হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে দণ্ডিতের খালাস পাওয়ার বিরুদ্ধেই শুধু প্রসিকিউশনের আপিলের বিধান ছিলো। কাদের মোল্লার রায়ের পর গণজাগরণ মঞ্চ দাবি তোলার পর আপিলের এই আইন সংশোধন হয়।

আইন সংশোধনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের গত ৫ ফেব্রুয়ারি দেয়া রায়ের বিরুদ্ধে ৩ মার্চ আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ।

কিন্তু যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে আপিলকারী কাদের মোল্লার আইনজীবী আব্দুর রাজ্জাক এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তার প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য বৃহস্পতিবার ৭ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ।

তারা হলেন- টি এইচ খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

আপিলের শুনানিতে আগামী ৮ জুলাই থেকে তাদের বক্তব্য শোনা শুরু করবে আদালত।

একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামায়াত নেতার বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনেছিলো প্রসিকিউশন। এর মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Image
আব্দুল কাদের মোল্লা

আব্দুল কাদের মোল্লা

এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার যাবজ্জীবন এবং আরো দুটি অভিযোগে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়।

এই রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর আইনের অসামঞ্জস্যতা দূরের উদ্যোগ নেয় সরকার। গত ১৭ ফেব্রুয়ারি আইন সংশোধন হলে উভয় পক্ষেরই আপিলের সমান সুযোগ তৈরি হয়।

এরপর সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ না আসায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।

গত ১ এপ্রিল কাদের মোল্লার পক্ষে-বিপক্ষে আপিল শুনানি শুরু হয়। এরপর ৩০ এর বেশি কার্যদিবস উভয়পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

এর মধ্যে কয়েকদিন আগে ব্যারিস্টার রাজ্জাক সংশোধিত আইন কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, সেই প্রশ্নটি সামনে নিয়ে আসেন।

এরপর এ বিষয়ে উভয়পক্ষ যুক্তিতর্কে অংশ নেয়। এক পর্যায়ে বৃহস্পতিবার অ্যামিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্তের কথা জানায় আপিল বিভাগ।

পুরনো খবর:

ট্রাইব্যুনাল আইনে রাষ্ট্রপতির সম্মতি
কাদের মোল্লার যাবজ্জীবন
আপিল নিয়ে বিভ্রান্তি
কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষুব্ধ