২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষুব্ধ

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন হওয়ায় শেরপুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুধী মহল। 

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

তাদের সবার বক্তব্যের মূলকথা হল ১৯৭১ সালে কাদের মোল্লা গণহত্যা,ধর্ষণসহ যেসব অপরাধ করেছেন তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়াই উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় জাতি হতাশ হয়েছে।

জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের মতো বিভিন্ন সংগঠন এবং ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ভাষা সৈনিক মো. আব্দুর রশীদ বলেন, “এ রায়ে দেশবাসী বিক্ষুদ্ধ। আমি নিজেও মর্মাহত ও দঃখিত।”

কাদের মোল্লার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন অশীতিপর এই সংগ্রামী।  

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লাল বলেন, এ ধরনের রায় শোনার চেয়ে মৃত্যু অনেক ভাল ছিল।

রায়ে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে মনে করেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মো. হারেজ আলী।

মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী বলেন, “এ রায়ে  সন্তুষ্ট হতে পারছি না। আমরা বাচ্চু রাজাকারে মতো কাদের মোল্লারও ফাঁসি হবে ভেবেছিলাম।”

প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার বলেন, “কাদের মোল্লার অপরাধের গুরুত্বানুযায়ী রায়ে ফাঁসি হলেই খুশি হতাম।”

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, “এ রায় স্বাধীনতাকামী মানুষের কাম্য নয়। আমরা তো ভেবেছিলাম ফায়ারিং স্কোয়াড না হলেও অন্তত ফাঁসি হবে।”

এছাড়া খাগড়াছড়ি, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষোভ প্রকাশ করেছে সুশীল সমাজের সদস্যসহ সাধারণ মানুষ।

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ- দেয়। এর আগে একই ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মৃত্যুদ- দেয়।