ট্রাইব্যুনাল আইনে রাষ্ট্রপতির সম্মতি
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে সংসদে পাস হওয়া সংশোধিত আন্তর্জাতিক অপরাধ আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সংসদ সচিবালয়ের আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি সই করায় নিয়ম অনুযায়ী গেজেট জারি হলেই আইনটি কার্যকর হয়ে যাবে।
এই আইনের মধ্য দিয়ে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিচার করার পাশাপাশি দলটির নেতা আব্দুল কাদের মোল্লার সাজা বাড়ানোর জন্য আপিল করার পথ তৈরি হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন মহাজোটের প্রায় সব সদস্যের উপস্থিতিতে রোববার সংসদে কণ্ঠভোটে পাস হয় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল)(সংশোধন) আইন ২০১৩।
গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর সাজা বাড়াতে আপিল করার সুযোগ না থাকার বিষয়টি উঠে আসে। মুক্তিযোদ্ধা ও বামদলগুলোসহ বিভিন্ন মহল থেকে এই রায়ে হতাশা প্রকাশ করে আইন সংশোধনের দাবি ওঠে।
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ডাকে ওইদিন সন্ধ্যা থেকেই শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন, যা পরে ছড়িয়ে পড়ে সারা দেশে।
ফাঁসির দাবিতে এই বিপুল জাগরণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর গত ১৩ ফেব্রুয়ারি বিল তোলা হয় সংসদে। একদিনের মধ্যে বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়ার জন্য পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে।
স্থায়ী কমিটির অনুমোদন শেষে আইন মন্ত্রী শফিক আহমেদ রোববার বিলটি পসের জন্য সংসদে উত্থাপন করলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই বিলে দুটি সংশোধনীর প্রস্তাব দেন।
ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণের বিষয়টি এনে মেনন বলেন, “ব্যক্তির পাশাপাশি সংগঠনকে বিচারের পাশাপাশি নিয়ে আসা প্রয়োজন। বাচ্চু রাজাকারের রায়ে বলা হয়েছিল, জামায়াত কীভাবে অপকর্মে সংযুক্ত ছিল।”
মেননের বক্তব্যের পর আইন মন্ত্রীকে বক্তব্য দেওয়া আহবান জানিয়ে স্পিকার আব্দুল হামিদ বলেন, সংবিধানে ৪৭এর (৩ ) অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করেন।
ওই অনুচ্ছেদে বলা হয়, “এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারীতে সোপর্দ কিংবা দণ্ডদান করিবার বিধান-সংবলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনী বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনী হইয়াছে বলিয়া গণ্য হইবে না ।”
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার শাহবাগে জাগরণ সমাবেশ।
আইন মন্ত্রী বলেন, “দ্বিতীয় মহাযুদ্ধের পর নাৎসিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিলো।মাননীয় সাংসদ সদস্য যে সংশোধনী প্রস্তাব রেখেন তা গ্রহণ করা যায়।”
এরপর রাশেদ খান মেননের সংশোধনী প্রস্তাবসহ কণ্ঠভোটে পাস হয় বিলটি।
জামায়াত যে যুদ্ধাপরাধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল- তা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়েও।
জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে।
আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সহযোগী বাহিনী লেলিয়ে দেয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা দেয়া হয় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ের পর্যবেক্ষণে। এই রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হয়।
উত্থাপতি বিলে বলা হয়েছিল, ট্রাইবুনালের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি যে কোনো ‘সংক্ষুব্ধ ব্যক্তিও’ আপিল করতে পারবে। এতে জটিলতা সৃষ্টি হবে বলে পাস করার সময় ‘সংক্ষুব্ধ ব্যক্তি’ কথাটি বাদ দেয়।
সংশোধিত আইনের ২১(৪) উপধারায় বলা হয়েছে, আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
আইনের ২১(১) উপ ধারায় বলা হয়েছে, এ আইনে কোনো অভিযুক্তকে সাজা দেওয়া হলে তিনি আপিল করতে পারবেন।
একইভাবে সরকার বা অভিযোগকারী বা এজাহারকারীও রায়ের বা শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে বলে সংশোধিত আইনের ২১(২) উপধারায় উল্লেখ করা হয়েছে।
এ আইনের ২১(১) ও ২১(২) উপধারা অনুযায়ী দণ্ডাদেশের বা খালাসের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে। এই সময়ের পর আপিলের সুযোগ থাকবে না।
১৯৭৩ সালে প্রণীত আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না। ২০০৯ সালে আইন সংশোধনের পর সরকার পক্ষের আপিলের সুযোগ রাখা হয়, তবে তা ছিল শুধু খালাসের রায়ের ক্ষেত্রে।
