২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ, যাত্রী দুইই আছে সদরঘাটে

পদ্মা সেতু উদ্বোধনের পর লঞ্চে যাত্রী সংকটের যে আশঙ্কা দেখা দিয়েছিল তা ভুল প্রমাণ হল সদরঘাট লঞ্চঘাটে; ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের ভিড় ছিল আগের মতই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 07:59 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শুক্রবার সকাল থেকেই সেখানে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ-গরম উপেক্ষা করে শিশু-বৃদ্ধ সব বয়সী মানুষকেই হাজির হতে দেখা গেল সেখানে।

মিরপুর-১ নম্বর থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে বিকালে সদরঘাটে হাজির হন রাকিবুল হাসান, যাবেন চাঁদপুরে। এসেই সোনারতরী লঞ্চে ওঠেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলছিলেন, “আসতে কষ্ট হয়েছে। তবে এসি চেয়ার পেয়েছি আর কষ্ট নেই।”

সড়ক ও রেলপথের যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, “বাস না পেয়ে অনেকে টার্মিনালে কষ্ট করছে বলে জানতে পেয়েছি আর রেলেও...।”

সেই তুলনায় লঞ্চের যাত্রা অনেক স্বস্তিদায়ক মন্তব্য করে তিনি বলেন, “লঞ্চ আছে ঘাটে, আর যাত্রীও আছে।”

Image
ঈদকে সামনে রেখে বরিশালগামী মানুষের বাড়ি ফেরার যাত্রা শুরু হয় বেশ কয়েকদিন আগে, সেই সঙ্গে ভিড় বাড়ে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েকদিনে তেমন একটা ভিড় ছিল না সদরঘাটে। তবে বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। ছবি: মাহমুদ জামান অভি

ঈদকে সামনে রেখে বরিশালগামী মানুষের বাড়ি ফেরার যাত্রা শুরু হয় বেশ কয়েকদিন আগে, সেই সঙ্গে ভিড় বাড়ে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েকদিনে তেমন একটা ভিড় ছিল না সদরঘাটে। তবে বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। ছবি: মাহমুদ জামান অভি

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক পিএম সিদ্দিকুর রহমান বলেন, রুটিন অনুযায়ী সব লঞ্চই ছেড়ে যাচ্ছে। তবে শুক্রবার রুটিন ছাড়াও যাত্রীর উপস্থিতি থাকায় কয়েকটি রুটে স্পেশাল লঞ্চ ছেড়ে যায়।

“বৃহস্পতিবার সারাদিন ১১৬টি লঞ্চ ছেড়ে গিয়েছে। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ছেড়ে যায় ৮৯টি। যাওয়ার জন্য অপেক্ষা করছে ৪৪টি লঞ্চ।”

সদরঘাট থেকে ৪৩টি রুটে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মানুষ লঞ্চে যাতায়াত করে। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে ২১ জেলার সঙ্গে সরাসরি ও স্বল্প সময়ে যোগাযোগের সুযোগ তৈরি হলেও খরচ, নিরাপত্তা ও স্বস্তির কথা ভেবে বিপুল সংখ্যক মানুষ এখনও নদীপথকেই বেছে নিচ্ছেন বলে গত কয়েক দিন ধরে দেখা গেছে।

ঈদযাত্রাতেও গত দুইদিন লঞ্চে যেতে সদরঘাটে ভিড় ছিল বাড়িমুখো মানুষের। তবে আগের চেয়ে চাপ কিছুটা কম চোখে পড়েছে।

কেবিনের টিকিট শেষ, ডেকও খালি নেই

ঢাকা থেকে বরিশাল ছেড়ে যাওয়ার জন্য সদরঘাটের পন্টুনে অপেক্ষা করছে সুন্দরবন ১০ ও ১১, পারাবাত ১৮, কীর্তনখোলা ১০, মানামী, এডভেঞ্চার-১, কূয়াকাটা-২ ও সুরভী ৯।

এসব লঞ্চ সদরঘাট থেকে সাধারণত রাত সাড়ে ৮টার পর ছেড়ে যায়। কিন্তু শুক্রবার বিকাল ৪টায় লঞ্চগুলো ঘুরে দেখা যায়- নিচতলার ডেক ভরে গেছে; আর কেবিনও খালি নেই।

Image
ঈদে দক্ষিণণাঞ্চলমুখী মানুষের চাপ বাড়লে লঞ্চের ডেক ভরে যায়। বৃহস্পতিবার বিকালে ঢাকার সদরঘাট ছেড়ে যাওয়া অধিকাংশ লঞ্চেই ছিল এমন অবস্থা। ছবি: মাহমুদ জামান অভি

ঈদে দক্ষিণণাঞ্চলমুখী মানুষের চাপ বাড়লে লঞ্চের ডেক ভরে যায়। বৃহস্পতিবার বিকালে ঢাকার সদরঘাট ছেড়ে যাওয়া অধিকাংশ লঞ্চেই ছিল এমন অবস্থা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। বেশি যাত্রী হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে।

“সিডিউল অনুযায়ী রাতে ছাড়ার কথা থাকলেও যাত্রী হয়ে গেলে ছেড়ে দিতে হবে। এখানে কোনো আপস নেই।”

এদিকে সদরঘাট থেকে বেতুয়া, হাতিয়া ও ভোলা রুটের লঞ্চেও যাত্রীর চাপ দেখা যায়।

নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. ফরিদুল ইসলাম বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কিছুটা কমেছে; তারপরও অনেক যাত্রী আছে।“

সার্বিক নিরাপত্তায় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে নৌপুলিশ কাজ করছে বলে তিনি জানান।

ঈদের আগে ঢাকার সদরঘাটে ভিড় বাড়লেও ‘আগের মতো নয়’  

গাবতলী-কল্যাণপুরে অপেক্ষার ভোগান্তির পর দ্বিগুণ ভাড়ার ধাক্কা  

ভেঙে পড়েছে ট্রেনের সূচি, রেল স্টেশনে অপেক্ষা আর ফুরায় না  

পাটুরিয়ায় শান্তির ঈদযাত্রা, ফেরিতে গাড়ির বদলে মানুষ

দুর্ভোগের শুরু স্টেশন-টার্মিনালের পথেই