পাটুরিয়ায় শান্তির ঈদযাত্রা, ফেরিতে গাড়ির বদলে মানুষ
পদ্মা সেতুর কারণে পাটুরিয়া ফেরিঘাট প্রায় ফাঁকাই থাকছিল। ঈদের দুই দিন আগে ভিড় বেড়েছে। তবে নেই সেই ঠেলাঠেলি, নেই যানজট।
শুক্রবার ঘাটে গিয়ে দেখা গেছে, মানুষ গাড়ি থেকে নেমে ফেরিতে বা লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন। ঘাটে ফেরি ভিড়লে কিছুক্ষণেই যাত্রীতে ভরে যাচ্ছে। পার হওয়ার গাড়ির তুলনায় যাত্রীর চাপ অধিক হওয়ায় ফেরিগুলো শুধু যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়ার ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “গাড়ির চাপ নেই। বরং যাত্রীর চাপ অনেক।”
শুক্রবার ২০টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
যাত্রীর চাপে স্বস্তি ফিরেছে লঞ্চশ্রমিকদের মনে। গত ২৬ জুন পদ্মা সেতু চালুর পর লঞ্চঘাট প্রায় ফাঁকা থাকায় দুশ্চিন্তায় ছিলেন তারা। অপেক্ষায় ছিলেন ঈদের চিত্র দেখার।
লঞ্চঘাটের পরিচালক পান্না লাল নন্দী বলেন, “পদ্মা সেতু চালুর পর কল্পনাও করতে পারিনি এবার ঈদের আগে যাত্রীদের এত ভিড় পড়বে। পোশাক কারখানা ছুটির কারণে বৃহস্পতিবার রাত থেকে ঘাট এলাকায় যাত্রীর চাপ বাড়ছে।”
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এখন ছোট-বড় ২১টি লঞ্চ চলাচল করছে বলে তিনি জানান।
পাটুরিয়া ঘাটের একজন লঞ্চযাত্রী নিজেকে শাহ আলম নামে পরিচয় দিয়ে বলেন, তিনি টাঙ্গাইল থেকে লোকাল বাসে ঘাট পর্যন্ত এসেছেন। লঞ্চে পদ্মা পার হয়ে যাবেন রাজবাড়ি।
“ঘাটে জট না থাকায় মনে শান্তি লাগতেছে। স্বস্তিতে পদ্মা পার হতে পারছি।”
