ভেঙে পড়েছে ট্রেনের সূচি, রেল স্টেশনে অপেক্ষা আর ফুরায় না
ঈদযাত্রার প্রথম তিন দিন ভালো গেলেও ছুটি শুরুর প্রথম দিনই ভেঙে পড়ল রেলের সূচি, ঢাকা থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কমলাপুরে দীর্ঘ সময় কাটল অপেক্ষা আর ভোগান্তিতে।
শুক্রবার সকাল থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস; রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস; রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের বনলতা এক্সপ্রেস; খুলনার সুন্দরবন এক্সপ্রেস; চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চাইতে দুই থেকে আড়াইঘণ্টা দেরিতে ছেড়েছে।
পরিবার নিয়ে যারা আনন্দের ঈদ করতে বাড়ি যাওয়ার আশা নিয়ে সকালে কমলাপুর স্টেশনে এসেছিলেন, ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমে তাদের ভুগতে হয়েছে দীর্ঘ সময়।
ঢাকায় কমলাপুর স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল ৮টা ১৫ মিনিট। কিন্তু পৌনে তিন ঘণ্টা দেরি করে বেলা ১১টার দিকে ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়।
শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন ট্রেনের সূচি বিপর্যয় হওয়ায় বিমানবন্দর স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। ছবি: মাহমুদ জামান অভি
ট্রেন দেরি করায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় থাকা যাত্রীদেরও ভোগান্তি চরমে।
সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় বেলা সোয়া ১১টায়। ট্রেনটি পৌনে ১২টায় বিমানবন্দর স্টেশনে আসে। কিন্তু শুক্রবার দুপুর ২টায়ও সেখানে পৌঁছায়নি জয়ন্তিকা এক্সপ্রেস।
ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রী ওয়াজেদুল ইসলাম তার স্ত্রী-সন্তানকে নিয়ে স্টেশনে বসে আছেন কয়েক ঘণ্টা ধরে। ওয়াজেদুল বলেন, “অগ্রিম টিকেট কেটেও কোনো লাভ হয়নি। স্টেশনে বসে আছি ঘণ্টার পর ঘণ্টা। ট্রেনের অপেক্ষায় থেকে ছোট্ট মেয়েটা অস্থির হয়ে পড়েছে। এবার কেনো এমনটি হলো বুঝতে পারলাম না। ট্রেনের তো জট হওয়ার কথা নয়।”
শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন ট্রেনের সময়সূচি বিপর্যয় হওয়ায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। ছবি: মাহমুদ জামান অভি
ওই ট্রেনের অপেক্ষায় থাকা রাজিয়া বেগম বলেন, “স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম ট্রেন লেইট কেন? স্টেশন মাস্টার জানালেন, ট্রেনের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। অপেক্ষা করতে বলছেন। সেই অপেক্ষায় আছি, কখন যে শেষ হবে তা জানি না।”
সিল্কসিটি ট্রেনে ঢাকা থেকে ছাড়ার সময় বেলা পৌনে তিনটায়। ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় এসে ফিরে যাবে। তবে শুক্রবার সেটি রাজশাহী থেকেই ৩ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছেড়েছে।
ওই ট্রেনে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকায় আসবেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা জহিরুল ইসলাম। টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রেনটি মির্জাপুর আসার কথা ছিল ১১টা ৩৬ মিনিটে। ৪টায়ও আসেনি।
“আমি খবর নিয়ে জেনেছি রাজশাহী থেকেই ৩ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। মির্জাপুরে সেই ট্রেন কখন ঢাকায় যাবে, কখন আবার যাত্রীদের কখন নিয়ে আসবে। রাজশাহীর দিকে যাওয়ার জন্য আমার কলিগরা এই স্টেশনে বসে আছেন। তারা কখন যাবেন?”
শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন ট্রেনের সময়সূচি বিপর্যয় হওয়ায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। ছবি: মাহমুদ জামান অভি
“মূল সমস্যা হয়েছে ট্রেনে এত যাত্রী হচ্ছে যে উঠতে-নামতে যাত্রীদের সময় বেশি লাগছে। ফলে ঢাকা থেকে নির্ধারিত গন্তব্যে ট্রেনগুলো যেতে সময় লাগছে বেশি। ফলে ট্রেনগুলো গিয়ে ফেরত আসতে সময় লাগছে।
“এটাই ট্রেনগুলো দেরি হওয়ার কারণ। উত্তরের ট্রেনগুলো দেরি করেছে, চট্টগ্রাম-সিলেটের ট্রেনগুলো মোটামুটি ঠিক সময়েই ছেড়েছে।”
